
রেখা শর্মা
শেষ আপডেট: 3 June 2024 22:32
দ্য ওয়াল ব্যুরো: সন্দেশখালির ঘটনা প্রকাশ্যে আসার পর রাজ্য তো বটেই, তোলপাড় হয়েছিল দেশ। গ্রামের মহিলাদের সঙ্গে দেখা করতে এসেছিল জাতীয় মহিলা কমিশনের প্রতিনিধি দল। সেই দলে ছিলেন খোদ চেয়ারপার্সন রেখা শর্মা। সম্প্রতি তিনি আবার সন্দেশখালি আসতে চেয়েছেন। এই কারণে জাতীয় নির্বাচন কমিশনেও চিঠি দিয়েছে মহিলা কমিশন।
লোকসভা ভোটের আগের থেকেই উত্তপ্ত সন্দেশখালি। আর ভোটের মধ্যেও সেখানে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। রাজ্যের পুলিশ সেখানে মহিলাদের ওপর অত্যাচার করছে বলে অভিযোগ। এই ইস্যুতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে বিজেপি। এবার একই অভিযোগ তুলে সন্দেশখালি আসতে চান মহিলা কমিশনের চেয়ারপার্সন রেখা শর্মা। নির্বাচন কমিশনকে দেওয়া চিঠিতে তিনি দাবি করেছেন, বিভিন্ন সংবাদমাধ্যমে সন্দেশখালির বর্তমান পরিস্থিতি দেখে তাঁরা উদ্বিগ্ন। সেই কারণেই সন্দেশখালি সহ অন্যান্য এলাকা তাঁরা পরিদর্শন করতে চান।
এর আগে সন্দেশখালি এসে স্থানীয় মহিলাদের সঙ্গে দেখা করেছিলেন রেখা শর্মা। বহু মহিলার সঙ্গে কথা বলার পর তিনি রাষ্ট্রপতি শাসনের দাবিও তুলেছিলেন। মহিলা কমিশনের রিপোর্ট জমা পড়েছিল রাষ্ট্রপতির দরবারে। শুধু মহিলা কমিশন নয়, এসসি-এসটি কমিশনও রাষ্ট্রপতি শাসন চেয়েছিল সন্দেশখালির ঘটনায়। তবে সেই দাবি মান্যতা পায়নি।
ভোটের মধ্যে আবার সন্দেশখালির ভাইরাল হওয়া একাধিক ভিডিও নিয়ে আলোড়ন শুরু হয়েছে। তৃণমূলের দাবি, আদতে সন্দেশখালি নিয়ে রাজনীতি করেছে বিজেপি। মহিলাদের তো বটেই বাংলার সম্মান নষ্ট করেছে। ভাইরাল হওয়া ভিডিওগুলিতে একাধিকবার দাবি করা হয়েছে যে, বিজেপি টাকার জোরে ধর্ষণের ভুয়ো অভিযোগ করিয়েছিল মহিলাদের দিয়ে। সেই ইস্যু অবশ্য কলকাতা হাইকোর্ট পর্যন্ত গড়িয়েছে।
এদিকে বসিরহাটে ভোটের আগের দিন থেকেই নতুন করে উত্তেজনা ছড়িয়েছিল। পুলিশ এসে মহিলাদের ভয় দেখিয়েছে বলে অভিযোগ। একই সঙ্গে তাঁদের বিরুদ্ধে হেনস্থা করার অভিযোগও তুলেছেন গ্রামের মহিলাদের একাংশ। রবিবার সন্দেশখালির বেশ কিছু এলাকায় ১৪৪ ধারা জারি হয়েছে।