
শেষ আপডেট: 31 March 2023 06:30
দ্য ওয়াল ব্যুরো: অবসরপ্রাপ্ত ক্রিকেটার তথা কংগ্রেস নেতা নভজোত সিং সিধু (Navjot Singh Sidhu) শনিবার জেল থেকে মুক্তি পাবেন। সুপ্রিম কোর্ট ঘোষিত সাজার মেয়াদ অনুযায়ী তাঁর ১৬ মে পর্যন্ত জেলে থাকার কথা। কিন্তু দেড় মাস আগেই পাতিয়ালার সেন্ট্রাল জেল (jail) থেকে মুক্তি (released) মিলতে চলেছে তাঁর। ছাড়া পেয়েই ছুটবেন ক্যান্সার আক্রান্ত স্ত্রীর কাছে।
বিভিন্ন মহল থেকে আর্জি জানানো সত্ত্বেও ক্রিকেটার তথা কংগ্রেস নেতা সিধুকে আগাম মুক্তি দেয়নি পাঞ্জাবের আপ সরকার। মুখ্যমন্ত্রী ভগবত মান প্রকাশ্যেই বলেছিলেন, আর পাঁচজন অপরাধীর মতোই পুরো মেয়াদ সাজা ভোগ করতে হবে সিধুকে।
তবে সরকার সহায় না হলেও সিধুর ভাগ্য খুলেছে তাঁর আমূল বদলে যাওয়া স্বভাব, আচরণের জন্য। জেলে পরিমিত আহার আর নিয়ম-শৃঙ্খলার মধ্যে থাকায় সিধুর প্রায় তিরিশ কেজি ওজন কমেছে। বদরাগী সিধু জেলের কঠোর নিয়ম মেনে চলায় প্রতিমাসে তাঁর সাজার মেয়াদও পাঁচদিন করে কমেছে। হিসাব মতো ১৬ মে তাঁর সাজার মেয়াদ শেষ হওয়ার কথা। কিন্তু সিধু শনিবার, ১ এপ্রিলই জেল থেকে বেরিয়ে আসবেন।
কারাগারের নিয়ম হল, মাদক মামলায় বন্দি এবং যাবজ্জীবন সাজাপ্রাপ্তরা বাদে বাকি বন্দিদের আচার আচরণের মূল্যায়ন করে জেলের বিশেষ কমিটি পাঁচদিন করে সাজার মেয়াদ কমিয়ে দেয়। সিধু জেলে গিয়ে কেমন আচরণ করবেন তা নিয়ে সব মহলেই সংশয় ছিল।
যে অপরাধে সুপ্রিম কোর্ট তাঁকে এক বছরের সশ্রম কারাবাসের সাজা দিয়েছিল সেটিও বদরাগের কারণেই। ঘটনাটি ১৯৮৮ সালের। গাড়ি পার্ক করাকে কেন্দ্র করে সিধুর সঙ্গে এক প্রবীণর গোলমাল বাঁধলে সিধু তাঁকে জোরে ধাক্কা দেন, ঘুষি মারেন। ঘটনাস্থলেই মারা যান ভদ্রলোক।
দীর্ঘ আইনি লড়াই শেষে গত বছর সুপ্রিম কোর্টের নির্দেশে পাতিয়ালা জেলে আত্মসমর্পণ করেন সিধু। তাঁর ঘনিষ্ঠদের বক্তব্য, জেলে গিয়ে আমূল বদলে গিয়েছেন এই প্রাক্তন ক্রিকেটার। শরীর ঝড়িয়েছেন। সেই সঙ্গে বদলে গিয়েছে তাঁর স্বভাবও। ফলে জেলে সংযত আচরণের কারণেই তাঁর আগাম মুক্তি সময়ের অপেক্ষা।
বড় রায়: অযোধ্যা, বারাণসীর পর এবার মথুরায় মন্দির-মসজিদের জমি জরিপের নির্দেশ