ন্যাশানাল লাইব্রেরীতে কোভিড বিধি শিথিল, দুটি ভ্যাকসিন নিলেই প্রবেশাধিকার পাঠকদের
দ্য ওয়াল ব্যুরো: ন্যাশানাল লাইব্রেরীতে (National Library) কোভিড বিধি আরও শিথিল করে দেওয়া হল। এবার থেকে দুটি ভ্যাকসিন নেওয়া থাকলে আর ন্যাশানাল লাইব্রেরীতে যাওয়ার জন্য আগে থেকে স্লট বুক করতে হবে না পাঠকদের। সাম্প্রতিক কোভিড পরিস্থিতি আর পাঠকদ
শেষ আপডেট: 19 October 2021 09:01
দ্য ওয়াল ব্যুরো: ন্যাশানাল লাইব্রেরীতে (National Library) কোভিড বিধি আরও শিথিল করে দেওয়া হল। এবার থেকে দুটি ভ্যাকসিন নেওয়া থাকলে আর ন্যাশানাল লাইব্রেরীতে যাওয়ার জন্য আগে থেকে স্লট বুক করতে হবে না পাঠকদের। সাম্প্রতিক কোভিড পরিস্থিতি আর পাঠকদের চাহিদার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।
কোভিড আবহে দীর্ঘদিন বন্ধ রাখতে হয়েছিল এই জাতীয় গ্রন্থাগার। দীর্ঘদিন পড়াশোনাও থমকে ছিল পড়ুয়াদের। অনলাইনে ক্লাস চললেও লাইব্রেরীর অভাব ভালই টের পাওয়া যাচ্ছিল। সরকারি নির্দেশিকায় অবশেষে লাইব্রেরী খুললেও জারি ছিল একগুচ্ছ বিধিনিষেধ।
উত্তরাখণ্ডে দুর্যোগে আটকে বাঙালি পরিবার, জল নেই, খাবার নেই, ঘরবন্দি পর্যটকেরা
এতদিন ন্যাশানাল লাইব্রেরীতে বই পড়তে হলে ২৪ ঘণ্টা আগে থেকে স্লট বুক করে রাখতে হচ্ছিল। তবেই আলিপুরের ক্যাম্পাসে ঢুকতে পারছিলেন পাঠকরা। কিন্তু এবার সেই নিয়ম শিথিল করে দেওয়া হল। ন্যাশানাল লাইব্রেরীতে দুটি ভ্যাকসিন নেওয়া থাকলে আর আগে থেকে স্লট বুক করার প্রয়োজন হবে না। প্রবেশদ্বারে ভ্যাকসিনের সার্টিফিকেট দেখালেই হবে। তবে যাঁরা একটি ভ্যাকসিন ডোজ নিয়েছেন, তাঁদের আগের মতোই স্লট বুক করতে হবে বই পড়ার জন্য।
এছাড়া ন্যাশানাল লাইব্রেরীর মধ্যে মেনে চলতে হবে কোভিডবিধি। মাস্ক, স্যানিটাইজারের ব্যবহার আবশ্যিক। মেনে চলতে হবে নির্দিষ্ট দূরত্ববিধিও। প্রতি ক্ষেত্রে একজন করে কর্মীকে নজরদারির দায়িত্ব দেওয়া হচ্ছে।
আট মাস বন্ধ থাকার পর গত ২৩ নভেম্বর খুলেছে ন্যাশানাল লাইব্রেরীর দরজা। তবে সেখানে ঢুকতে হলে লাইব্রেরীর অফিসিয়াল ওয়েবসাইটে আগে থেকে রেজিস্টার করতে হচ্ছিল। ৬০ বছরের বেশি বয়সি কাউকে প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছিল না। সেসব নিয়ম তুলে নেওয়া হল।
এখন আগের মতোই রোজ সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত লাইব্রেরী খোলা থাকবে। উইকএন্ডে সকাল সাড়ে ৯টা থেকে সন্ধে ৬টা পর্যন্ত চলবে লাইব্রেরীর কাজ। ১৮ বছরের নীচে কোনও পাঠককে প্রবেশ অনুমতি দেওয়া হচ্ছে না। তবে বিধিনিষেধ শিথিল করায় খুশি জাতীয় গ্রন্থাগারের পাঠকরা।
পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'