কর ব্যবস্থা আরও সরল করতে চলেছে সরকার, জানালেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী
দ্য ওয়াল ব্যুরো: সৎ করদাতাদের কথা ভেবে করপ্রদান পদ্ধতি নির্ঝঞ্ঝাট ও আরও সরল করতে পদক্ষেপ শুরু করেছে কেন্দ্রীয় সরকার, মঙ্গলবার একথা বলেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। কনফেডারেশন অফ অল ইন্ডিয়া ট্রেডার্সের (সিএআইটি) একটি অনুষ্ঠানে ত
শেষ আপডেট: 7 January 2020 14:51
দ্য ওয়াল ব্যুরো: সৎ করদাতাদের কথা ভেবে করপ্রদান পদ্ধতি নির্ঝঞ্ঝাট ও আরও সরল করতে পদক্ষেপ শুরু করেছে কেন্দ্রীয় সরকার, মঙ্গলবার একথা বলেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। কনফেডারেশন অফ অল ইন্ডিয়া ট্রেডার্সের (সিএআইটি) একটি অনুষ্ঠানে তিনি বলেন, পণ্য ও পরিষেবা কর (জিএসটি) ফাইলিং আরও সরল করার ব্যাপারে যে কোনও পরমার্শ গ্রহণ করতে সরকার প্রস্তুত।
কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ জানান, বিভিন্ন ক্ষেত্র থেকে সরকার যে সব পরামর্শ পেয়েছে, তার উপরে ভিত্তি করেই কর পদ্ধতি আরও সরল করতে পদক্ষেপ করছে সকার। করপ্রদান পদ্ধতি আরও সরল করতে গতবছর অক্টোবর মাসে ফেসলেস ই-অ্যাসেসমেন্ট পদ্ধতি চালু করেছে কেন্দ্রীয় সরকার। এর ফলে কোন ব্যক্তির ফাইল কে দেখছেন তা কোনও পক্ষই জানতে পারবে না।
কর সংক্রান্ত প্রশাসনের দায়বদ্ধতা আরও বাড়াতে এবং স্বচ্ছতা নিশ্চিত করতে কম্পিউটার জেনারেটেড ডকুমেন্ট আইডেন্টিফিকেশন নম্বর (ডিআইএন) চালু করেছে কর দফতর। গত বছর ১ অক্টোবর থেকে এই পদ্ধতি কার্যকর করা হয়েছে। এর ফলে সব ধরনের যোগাযোগ করতে পারবে আয়কর দফতর তা সে অ্যাসেসমেন্ট সংক্রান্ত হোক, আবেদন হোক, তদন্ত হোক, জরিমানা হোক বা অন্য কোনও বিষয়।

এর ফলে ভুয়ো বিজ্ঞপ্তিও ধরে ফেলতে পারবেন করদাতা, তিনি সেই বিজ্ঞপ্তি যাচাই করে দেখতে পারবেন সংশ্লিষ্ট বিভাদের ই-ফাইলিং পোর্টালে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ বলেন, এই সব মামলার নিস্পত্তি হয়ে যাবে ৩০ দিনের মধ্যেই।
এদিন তিনি জানিয়েছেন খুব শীঘ্রই দেশজুড়ে মানুষ কেনাকাটার উৎসবে মাতবেন।
ব্যবসা বাড়ানোর কৌশল হিসাবে গত বছর সেপ্টেম্বর মাসেই কেন্দ্রীয় অর্থমন্ত্রী সীতারমণ ঘোষণা করেছিলেন, দুবাইয়ের ধাঁচে এদেশেও মেগা শপিং ফেস্টিভ্যাল হবে ২০২০ সালের মার্চ মাসে। এনিয়ে কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রক কাজ করছে এবং ব্যবসায়ীদের জন্য তারা উপযুক্ত বন্দোবস্ত করে দেবে।
মনে করা হচ্ছে চারটি শহরে সরকার এই মেলা আয়োজন করবে। সরকারের লক্ষ্য হবে বয়ন শিল্প ও চর্মশিল্পের পালে হাওয়া জোগানো এবং যোগ-পর্যটনের প্রচার করা। অলঙ্কার থেকে বয়ন এবং চর্মশিল্প থেকে যোগ – নানা ধরনের থিমের কথাও বিবেচনা করছে সরকার।
গত বেশ কয়েক মাস ধরে দেশে চাহিদা পড়তির দিকে থাকার পরে নভেম্বর মাস থেকে তা ঘুরে দাঁড়াচ্ছে। দেশের অর্থনীতির নেতিবাচক অবস্থা নিয়ে সমালোচনা হচ্ছে বিভিন্ন মহলে। ইতিমধ্যেই নতুন বছরের গোড়ায় প্রধানমন্ত্রী আশার কথা শুনিয়েছেন বিনিয়োগকারীদের উদ্দেশে। এবার জিএসটি পদ্ধতি সরল করার বার্তা দিলেন অর্থমন্ত্রী।