
না ফেরার দেশে জাতীয় পুরস্কারজয়ী পরিচালক।
শেষ আপডেট: 20 August 2024 20:13
দ্য ওয়াল ব্যুরো: খারাপ খবর টলিপাড়ায়। প্রয়াত জাতীয় পুরস্কারজয়ী পরিচালক উৎপলেন্দু চক্রবর্তী। মঙ্গলবার রিজেন্টপার্কে নিজের বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলে খবর।
সূত্রের খবর, গত এপ্রিল মাসে নিজের বাড়িতেই পড়ে গিয়েছিলেন তিনি। আঘাত পান কোমরে ও ডান পায়ে। ভেঙে যায় হাড়। পরিচালকের সহকারী অর্ঘ্য মুখোপাধ্যায় সেই সময় সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন, পরিচালকের প্রস্টেটের সমস্যা রয়েছে। ক্যাথিটার খোলার পর বাড়িতে হাঁটার চেষ্টা করছিলেন তিনি। এরই মাঝে দেখা দেয় স্মৃতিভ্রমের সমস্যা।
প্রথমে এসএসকেএম এবং পরে অন্য হাসপাতালে স্থানান্তরিত করা হয় তাঁকে। প্রখ্যাত অস্থি শল্য চিকিৎসক মুকুল ভট্টাচার্য উৎপলেন্দু চক্রবর্তীর চিকিৎসা করেন। তাঁর চিকিৎসার যাবতীয় খরচ বহন করে রাজ্য সরকার। মে মাসের শুরুতে বাড়ি ফেরেন পরিচালক।
সূত্রের খবর মঙ্গলবার সন্ধ্যায় চা খেয়েছিলেন তিনি। তার পরই ঝিমিয়ে পড়েন। খবর দেওয়া হয় চিকিৎসককে। কিন্তু ততক্ষণে সব শেষ। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৭৬ বছরের পরিচালকের।
আটের দশকে ‘ময়নাতদন্ত’, ‘চোখ’, ‘দেবশিশু’র মতো চর্চিত ছবি পরিচালনা করেছেন। পরিচালকের আরও এক পরিচয় তিনি পরিচালক শতরূপা সান্যালের প্রাক্তন স্বামী এবং অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী ও চিত্রাঙ্গদা চক্রবর্তীর বাবা। যদিও উৎপলেন্দুর সঙ্গে এঁদের কোনও যোগাযোগ নেই।