
শেষ আপডেট: 23 August 2023 11:13
দ্য ওয়াল ব্যুরো: ব্রিকস (BRICS) সম্মেলনে যোগ দিতে মঙ্গলবারই দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে পৌঁছেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। বুধবার সেই সম্মেলনে গ্রুপ ফটো তোলার সময় প্রধানমন্ত্রী লক্ষ্য করেন মঞ্চে ভারতের পতাকা (Indian national flag) পড়ে রয়েছে। এরপর সঙ্গে সঙ্গে সেটি তুলে নিজের কোটের পকেটে ঢুকিয়ে নেন মোদী। যদিও আয়োজকদের দাবি, পতাকাটি মাটিতে পড়ে ছিল না। রাষ্ট্রনেতারা কে কোথায় দাঁড়াবেন, তার অবস্থান বোঝাতে রাখা হয়েছিল।
দেখা গিয়েছে, ওই মঞ্চে ভারতের পতাকার পাশেই রাখা ছিল দক্ষিণ আফ্রিকার জাতীয় পতাকা। যদিও সেটা দেখতে না পেয়ে পা দিয়ে দেন দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রপতি সিরিল রামাফোসা। তবে মোদী মঞ্চে উঠেই লক্ষ্য করেন, ভারতের তেরঙা রাখা আছে মঞ্চে। সঙ্গে সঙ্গে সেটি তিনি নিজের কাছে তুলে নেন। তারপর নিজের পকেটে পুড়ে দেন। এদিকে মোদীকে দেখাদেখি দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রপতিও নিজের দেশের জাতীয় পতাকা তুলে রাখেন, এরপর তা আয়োজকদের হাতে তুলে দেন।
উল্লেখ্য, বুধবার সন্ধের আগেই ব্রিকসের সমস্ত কাজকর্ম সেরে ফেলবেন। আর তারপর ইসরোর সঙ্গে ভার্চুয়াল মাধ্যমে কানেক্ট করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখান থেকেই ভার্চুয়ালি চন্দ্রযান ৩-এর অবতরণ দেখবেন। আপাতত গোটা ভারতবাসীর মতো তিনিও ‘চন্দ্রযান ৩’-এর সফল ল্যান্ডিংয়ের স্বপ্নে বুঁদ রয়েছেন।
চন্দ্রযান ৩-র ল্যান্ডিং বিদেশ থেকে দেখবেন মোদী, জোহানেসবার্গ থেকে যোগ দেবেন ভার্চুয়ালি