পঞ্চাশোর্ধ এক মহিলার অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় তুমুল চাঞ্চল্য ছড়াল শান্তিপুর থানার নৃসিংহপুর মধ্য কলোনি এলাকায়।

ওই মহিলার পরিবার
শেষ আপডেট: 5 July 2025 12:23
দ্য ওয়াল ব্যুরো, নদিয়া: পঞ্চাশোর্ধ এক মহিলার অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় তুমুল চাঞ্চল্য ছড়াল শান্তিপুর থানার নৃসিংহপুর মধ্য কলোনি এলাকায়।
ওই মহিলার পরিবারের দাবি, শান্তিপুরের সিভিক ভলান্টিয়ারের বাড়িতে পুজোর ফুল তুলতে গিয়েছিলেন তিনি। চোর অপবাদ দিয়ে তারা ওই মহিলাকে কান ধরে ওঠবস করায়। বাড়ি ফেরার পর থেকেই একদম চুপচাপ হয়ে গিয়েছিলেন তিনি। ঘর থেকে কিছুতেই বেরোতে চাইছিলেন না। শনিবার সকালে ঘর থেকে তাঁর ঝুলন্ত দেহ মেলে।
ঘটনা জানাজানি হতেই, নদিয়ার শান্তিপুর থানার নৃসিংহপুর মধ্য কলোনি এলাকায় উত্তেজনা ছড়ায়। তবে যাদের বিরুদ্ধে অভিযোগ তাঁরা ঘটনার কথা অস্বীকার করেন। মৃতার পরিবারের সদস্যরা জানান, ৪ তারিখ ভোর রাতে ফুল তুলতে গিয়েছিলেন তিনি। গাছ থেকে ফুল নেওয়ায় চোর অপবাদ দিয়ে কান ধরে ওঠবস করানো হয় তাঁকে।
এই ঘটনায় শান্তিপুর থানার সিভিক ভলান্টিয়ার মিলন করাতি ও তাঁর পরিবারের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন মৃতার পরিবার। মৃতার মেয়ে জানান, শুক্রবার ভোরে তাঁর মা ওই সিভিক ভলান্টিয়ারের বাড়ি থেকে ফুল তোলায় চরম অপমান করা হয় তাঁকে। চড় থাপ্পর মারা হয়। কান ধরে ওঠবস করানো হয়। তিনি বলেন, "অপমানিত হয়ে আমার মা বাড়ি ফিরে আসে। ওরা তারপরেও ছাড়েনি। নিজেকে পুলিশ বলে দাবি করে বাড়ি এসেও হুমকি দেয়। আমার মা ভয়ে ঘর থেকে বের হতে চাইছিল না। আজ সকালে মাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পাই। হাসপাতালে নিয়ে গিয়েছিলাম। কিন্তু বাঁচানো যায়নি।"