
তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ। প্রতীকী ছবি
শেষ আপডেট: 4 November 2024 18:30
দ্য ওয়াল ব্যুরো, মুর্শিদাবাদ: এক মহিলার শ্লীলতাহানির অভিযোগ উঠল তৃণমূল কাউন্সিলর ও তার অনুগামীদের বিরুদ্ধে। বহরমপুর পুরসভার দু'নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর বাবন রায়ের বিরুদ্ধে এই অভিযোগ ঘিরে বহরমপুরের কাশিমবাজারের পালপাড়ায় তীব্র উত্তেজনা ছড়ায়।
আক্রান্ত মহিলা দাবি করেন, ধার নেওয়া টাকা চাইতে গেলে তাঁর স্বামীকে বেঁধে রেখে মারধর করা হয়। স্বামীকে বাঁচাতে ছুটে গিয়েছিলেন তিনি। তখন বহরমপুর পুরসভার দু'নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর বাবন রায় তাঁকেও মারধর করেন ও শ্লীলতাহানি করেন। ওই বধূর আনা অভিযোগ ঘিরে শোরগোল পড়ে যায়।
যদিও তৃণমূল কাউন্সিলরের দাবি, এক যুবক সুদে টাকা নিয়েছিল। পুজো থাকায় সে টাকা শোধ করতে পারেনি। তাই ওই যুবককে বেঁধে মারধর করে ওই মহিলার স্বামী। তিনি বলেন, "খবর পেয়েই আমি ওখানে পৌঁছে যাই। ওই যুবককে বাঁচানোর চেষ্টা করি। তাই আমার নামে মিথ্যে অভিযোগ করা হচ্ছে। এই মহিলাকে মারধর বা শ্লীলতাহানির কোনও প্রশ্ন নেই।"
এই ঘটনায় শোরগোল পড়ে যায় কাশিমবাজারের পালপাড়ায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। ঘটনার তদন্ত চলছে বলে জানান বহরমপুর থানার পুলিশ আধিকারিকরা।