
শেষ আপডেট: 26 August 2024 15:48
দ্য ওয়াল ব্যুরো, মুর্শিদাবাদ: আইসিডিএস সেন্টারে কর্মী ও হেলপারকে ঘরে ঢুকিয়ে দরজায় তালা ঝুলিয়ে বিক্ষোভ স্থানীয় বাসিন্দারা। সোমবার সকাল ঘটনাটি ঘটেছে হরিহরপাড়া থানার চোয়া পাঠানপাড়া এলাকায়। কর্মী ও হেলপারকে ঘরের মধ্যে ঢুকিয়ে তালা বন্ধ করে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দেরি করে যাওয়ার কারণে খিচুড়ি ও ডিম দিচ্ছে না সেন্টারের দিদিমণি। তাছাড়া খাবারে সবজি দেওয়া হয় না। পরিমাণে কম খিচুড়ি দেওয়া হয়।
এই ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। তাদের দেখে আরও ক্ষোভে ফেটে পড়ে সকলে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে।
এলাকার বাসিন্দা খগেন খান বলেন, "বৃষ্টির দিন দিদিমণি আসেন না। বাচ্চারা খাবার দেরি করে এলে তাদের খাবার দেওয়া হয় না। খিচুড়ি শুধুই থাকে আলু আর ডাল। এটাই নাকি বাচ্চাদের খাবার।"
সাবেরা বিবির অভিযোগ, তাঁর নাতনি এই স্কুলে পড়ে। খাবার নিতে দেরি করে আসলে দিদিমণি খাবার দেন না। অর্ধেক সময়ে খিচুড়ি রান্না হয় না। কাঁচা ডিম দিয়ে দেন। তাঁরা দিদিমণির বদলির দাবি তুলেছেন।