ফাইল ছবি
শেষ আপডেট: 20 November 2024 13:52
দ্য ওয়াল ব্যুরো: বেলডাঙার অশান্তি যেন থামতেই চাইছে না। মঙ্গলবার পর্যন্ত ইন্টারনেট পরিষেবা বন্ধের কথা থাকলেও ফের তা ৪৮ ঘণ্টা বাড়িয়ে দেওয়া হয়েছে বলে খবর। আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার পর্যন্ত মুর্শিদাবাদ জেলা জুড়ে পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। যদিও পুলিশের দাবি নতুন করে যাতে কোনওরকম অশান্তি ছড়িয়ে না পরে তাঁর জন্য এমন সিদ্ধান্ত।
তবে লাগাতার ইন্টারনেট বন্ধ থাকার কারণে চূড়ান্ত হয়রানির শিকার হতে হচ্ছে মুর্শিদাবাদবাসীর। পড়ুয়া থেকে শুরু করে ব্যবসায়ী, সবাকেই নাকাল হতে হচ্ছে। নেট না থাকায় ব্যবসায়ীরা যেমন অনলাইন লেনদেন করতে পারছেন না তেমনই কলেজে ভর্তি হতে সমস্যা হচ্ছে পড়ুয়াদের। যে কারণে মুর্শিদাবাদ ছেড়ে অন্য জেলায় যেতে হচ্ছে তাঁদের।
বিপদে পড়েছেন রোগীরাও। সূত্রের খবর, ইন্টারনেট না থাকার কারণ দেখিয়ে স্বাস্থ্যসাথী প্রকল্পের সুবিধা মিলছে না। যার জেরে বন্ধ হয়ে রয়েছে অপারেশনের কাজ। পাশাপাশি ব্লাড ব্যাঙ্ক থেকে রক্তও মিলছে না বলে খবর। সব মিলিয়ে পরিস্থিতি শান্ত করতে গিয়ে নয়া সমস্যার সম্মুখীন হতে হচ্ছে মুর্শিদাবাদের মানুষকে।
১৬ নভেম্বর থেকেই অশান্ত মুর্শিদাবাদের বেলডাঙা। যার জেরে গোটা মুর্শিদাবাদ জেলায় ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখার নির্দেশ জারি করা হয়েছে। এদিকে হিংসার ঘটনায় পুলিশ এখনও পর্যন্ত ১৭ জনকে গ্রেফতার করেছে বলে জানা গিয়েছে। পুলিশের তরফে দাবি করা হয়েছে যে রবিবার থেকে বেলডাঙার পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। এর আগে ১৬ নভেম্বর রাতে সেখানে দুটি গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ হয়েছিল। ভাঙচুর চালানো হয় বাড়ি এবং দোকানে ধরিয়ে দেওয়া হয় আগুন।
এদিকে বেলডাঙার ঘটনায় রাজ্য সরকারের থেকে বিস্তারিত রিপোর্ট তলব করেছে কলকাতা হাইকোর্টের বিচারপতি হরিশ ট্যান্ডন ও বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ। সুরক্ষা নিশিচত করতে কী কী পদক্ষেপ নেওয়া হয়েছে তা আজকের মধ্যেই জানাতে হবে রাজ্যকে।