এই অভিযান SIR মামলার আবহে যথেষ্ট তাৎপর্যপূর্ণ, কারণ পাসপোর্ট জালিয়াতি ও সীমান্ত চোরাপথে তথ্য পাচারের মধ্যে সম্পর্কের ইঙ্গিত মিলছে।

ছবি - গুগল
শেষ আপডেট: 3 November 2025 12:14
দ্য ওয়াল ব্যুরো: জাল পাসপোর্ট মামলায় (Fake Passport) বড়সড় অভিযান চালাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। এবার তদন্তকারীদের নজরে নদিয়ার দুই ভাই। সন্দেহের বাইরে নেই তাঁদের বাবাও।
সোমবার ভোরে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের (Central force) নিয়ে ইডির একটি দল হানা দেয় চাকদহের (Chakdah) দুবড়া গ্রাম পঞ্চায়েতের পড়ারি গ্রামে। আটক করা হয়েছে কাঠমিস্ত্রি বিপ্লব সরকার, তাঁর ভাই, পেশায় রাজমিস্ত্রী বিপুল সরকার। ইডির তালিকায় রয়েছেন তাঁদের বাবাও। আটকে করা হয়েছে তাঁকেও।
সকাল ছ’টা নাগাদ চারটি গাড়িতে করে পৌঁছন চারজন ইডি আধিকারিক। সঙ্গে ছিলেন ১২ জন কেন্দ্রীয় বাহিনীর জওয়ান। সূত্রের খবর, বিপ্লব ও বিপুলের বাড়িতে প্রায় পাঁচ ঘণ্টা ধরে চলে তল্লাশি। খতিয়ে দেখা হয় তাঁদের পাসপোর্ট, ব্যাঙ্ক নথি ও মোবাইল ফোন। ইডি সূত্রে জানা গিয়েছে, এই দুই ভাইয়ের নাম ভুয়ো নথি দিয়ে তৈরি পাসপোর্টের তালিকায় রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
প্রসঙ্গত, সম্প্রতি পাকিস্তানি নাগরিক আজাদ মল্লিককে জাল পাসপোর্ট মামলায় গ্রেফতার করে কেন্দ্রীয় তদন্তকারীরা। আজাদের জেরা চলাকালীন উঠে আসে উত্তর ২৪ পরগনা ও নদিয়ার গেদে সীমান্তের একাধিক সংযোগের তথ্য। এরপর নদিয়ার শিবপুর থেকে ইন্দুভূষণ হালদার নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। তাঁর চাকদহে একটি সাইবার ক্যাফে ছিল, যেখান থেকেই একের পর এক জাল পাসপোর্ট তৈরি হত বলে অভিযোগ।
ইডি সূত্রে খবর, এখনও পর্যন্ত তিনশোরও বেশি জাল পাসপোর্ট উদ্ধার হয়েছে। আজাদের পাসপোর্টও নাকি ইন্দুভূষণই রিনিউ করে দিয়েছিলেন। তদন্তে জানা গেছে, ইন্দুভূষণের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ ছিল চাকদহের বিপ্লব সরকারের। সেই সূত্রেই এবার বিপ্লব, তাঁর ভাই এবং বাবাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে ইডি।
তদন্তকারীরা বিপ্লবের পাসপোর্ট ও ব্যাঙ্ক সংক্রান্ত তথ্য ছাড়াও তাঁর মোবাইল কললিস্ট খতিয়ে দেখছেন। স্থানীয় সূত্রে খবর, এর আগেও অন্তত তিনবার চাকদহে অভিযান চালিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ফলে এ ঘটনায় পাকিস্তানি যোগ এবং আন্তর্জাতিক পাচারচক্রের দিকেও নজর দিচ্ছেন আধিকারিকরা।
ইডি সূত্রের মতে, এই অভিযান SIR মামলার আবহে যথেষ্ট তাৎপর্যপূর্ণ, কারণ পাসপোর্ট জালিয়াতি ও সীমান্ত চোরাপথে তথ্য পাচারের মধ্যে সম্পর্কের ইঙ্গিত মিলছে। তদন্তে আরও চাঞ্চল্যকর তথ্য মিলতে পারে বলে মনে করা হচ্ছে।