রাস্তা অবরোধ, লাঠিসোটা নিয়ে ভয় দেখিয়েও লাভের লাভ কিছু হল না। মুর্শিদাবাদের (Murshidabad) দৌলতাবাদের মহারাজপুর কৃষি উন্নয়ন সমবায় সমিতির নির্বাচনে (Cooperative Election) জয়ী হয়ে বলছে বাম-কংগ্রেস জোট (CPIM-Congress)। বড় ধাক্কা খেল শাসক দল তৃণমূল কংগ্রেস (TMC)।

সমবায় নির্বাচনে জয়ী বাম-কংগ্রেস
শেষ আপডেট: 25 May 2025 19:12
দ্য ওয়াল ব্যুরো: রাস্তা অবরোধ, লাঠিসোটা নিয়ে ভয় দেখিয়েও লাভের লাভ কিছু হল না। মুর্শিদাবাদের (Murshidabad) দৌলতাবাদের মহারাজপুর কৃষি উন্নয়ন সমবায় সমিতির নির্বাচনে (Cooperative Election) জয়ী হয়ে বলছে বাম-কংগ্রেস জোট (CPIM-Congress)। বড় ধাক্কা খেল শাসক দল তৃণমূল কংগ্রেস (TMC)।
রোববার ১০৫৬ জন ভোটারের এই নির্বাচনে ৪৩টি আসনের মধ্যে সিপিএম-কংগ্রেস জোট জয়ী হয়েছে ৩৯টি আসনে, মাত্র ৪টি আসন পেয়েছে তৃণমূল।
এদিন সকাল থেকেই নির্বাচন ঘিরে উত্তেজনা ছড়ায় এলাকায়। ভোট কেন্দ্র থেকে ২০০ মিটার দূরে দুই পক্ষের ক্যাম্পে শুরু হয় বচসা, যা পরে সংঘর্ষের আকার নেয়।
বাম-কংগ্রেসের অভিযোগ, ভোটারদের ভয় দেখিয়ে বাধা দেয় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। ভাঙচুর করা হয় চেয়ার-টেবিল, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বাধ্য হয়ে লাঠিচার্জ করে পুলিশ। ঘটনায় আটক করা হয় ১০ জনকে।
বাম-কংগ্রেস জোটের পক্ষ থেকে ঝামেলার জন্য সরাসরি দোষারোপ করা হয় বহরমপুর পঞ্চায়েত সমিতির সভাপতি আইজুদ্দিন মণ্ডলের বিরুদ্ধে। যদিও তিনি সমস্ত অভিযোগ অস্বীকার করেন।
ভোটের ফল প্রকাশ হতেই উচ্ছ্বাসে ফেটে পড়ে সিপিএম-কংগ্রেস শিবির। অন্যদিকে, ভোটে হেরে রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগে বিদ্ধ হয়ে অস্বস্তিতে তৃণমূল।