
মমতা বন্দ্যোপাধ্যায়-নিজস্ব চিত্র
শেষ আপডেট: 20 January 2025 18:55
দ্য ওয়াল ব্যুরো, মুর্শিদাবাদ: গত কিছুদিন ধরেই বারবার তেতে উঠেছে ভারত বাংলাদেশের সীমান্ত এলাকা। কখনও মালদহ তো কখনও কোচবিহার সীমান্ত অশান্ত হয়ে উঠছে। সোমবার সেই নিয়েই উদ্বেগ প্রকাশ করলেন মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন মুর্শিদাবাদে একটি সরকারি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তিনি। সেখানেই তিনি বলেন, "মুর্শিদাবাদ জেলায় আমাদের ওপার বাংলার বর্ডার আছে। বর্ডার বিএসএফ দেখুক। আমাদের উপর কোনও অত্যাচার হলে আমরা দেখব।"
এরপরেই তিনি বলেন, দয়া করে কারও কোনও প্ররোচনায় পা দিয়ে কেউ ওদিকে যাবেন না। কারণ অনেকেরই ইনটেনশন আছে দু-দেশের মধ্যে গন্ডগোল লাগিয়ে সরে আসার। আমি চাই বর্ডারে যাতে কোনও গন্ডগোল না হয়, বিএসএফ তার দায়িত্ব নিক। সেরকম যদি দেখেন, আমি লোকাল পুলিশকে বলব, দূর থেকে মাইকিং করে বলবেন আমাদের এ পারের লোকেরা আপনারা ফিরে আসুন। প্রশাসনের কাজ প্রশাসন করবে। আপনারা হাতে আইন তুলে নেবেন না।"
গত কয়েকদিন ধরেই দফায় দফায় অশান্তি শুরু হয়েছে। গত শনিবার মালদহের বৈষ্ণবনগরের শুকদেবপুর সীমান্ত উত্তাল হয়ে ওঠে। কাঁটাতারের বেড়া দেওয়া নিয়ে বাংলাদেশিদের সঙ্গে বিএসএফ-এর বিবাদ বাঁধে। সূত্র মারফৎ জানা গেছে, লাঠি, হাঁসুয়াসহ বিভিন্ন অস্ত্রশস্ত্র নিয়ে কাঁটাতারহীন এলাকা দিয়ে ভারত ভূখণ্ডে ঢোকার চেষ্টা চলছিল। তা প্রতিরোধ করতেই হামলা করা হয় জওয়ানদের ওপর।
এরআগে বিজিবির বাঁধা উপেক্ষা করে কোচবিহারের কুচলিবাড়ি সীমান্তে কাঁটাতার দেন গ্রামের বাসিন্দারা। তাঁদের অভিযোগ বাংলাদেশি দুষ্কৃতীরা ফসল নষ্ট করছে ও সীমান্তের অনেকাংশে কাঁটাতার না থাকায় গরু চুরি করছে। এই অপকর্ম রুখতেই অস্থায়ী কাঁটাতারের বেড়া দেন তাঁরা। এই কাজে বাংলাদেশের সীমান্ত রক্ষী বাহিনী তাঁদের বাধা দেয় বলেও অভিযোগ করেন তাঁরা। এই নিয়ে তুমুল উত্তেজনা সৃষ্টি হয়। এই অশান্তি রুখতেই মুখ্যমন্ত্রী এদিন সীমান্তে শান্তি রাখার বার্তা দিলেন।