
কাঁটাতারের মই দিয়ে প্রাণী পাচার! বিএসএফের তৎপরতায় উদ্ধার
শেষ আপডেট: 3 October 2024 12:35
দ্য ওয়াল ব্যুরো, নদিয়া: দেখতে অনেকটা উটের ছানার মতো। কিন্তু শরীর ঘন লোমে ভরা। এমন এক প্রাণীকে পাচার হওয়ার আগে উদ্ধার করল এসএফএ-র জওয়ানরা। নদিয়া লাগোয়া সীমান্ত থেকে প্রাণীটিকে বাংলাদেশ থেকে ভারতে পাচার করা হচ্ছিল। বিএসএফের সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ারের ডিআইজি এনকে পান্ডে জানিয়েছেন, বুধবার তিন বাংলাদেশি কাঁটাতারের বেড়া টপকে প্রাণীটিকে পাচারের চেষ্টা করছিল।
বিএসএফ সুত্র জানা গিয়েছে, প্রাণীটির নাম আলপাকা। উট ও লামা প্রজাতির প্রাণী এটি। দক্ষিণ আমেরিকা বাস। মূলত এরা উঁচু এলাকার অধিবাসী। পেরু, চিলি, বলিভিয়া, ইকুয়েডরের বাসিন্দারা আলপাকা প্রতিপালন করেন। আলপাকার চামড়া ও লোম ভীষণ দামী। লোম থেকে ভাল মানের উল তৈরি হয়। তাই দিয়ে বিশেষ ধরণের গরমের জামা তৈরি হয়।
ডিআইজি এনকে পান্ডে জানিয়েছেন, এলাকাটি কাঁটাতারের বেড়া দিয়ে ঘেরা। তবুও সেখানে পাচারকারীদের দৌরাত্ম্য রয়েছে। তাই দিনরাত বেঙ্গল ফ্রন্টিয়ারের জওয়ানদের নজর থাকে সেদিকে। সন্দেহজনক গতিবিধি দেখলেই পাকড়াও করেন। বুধবার কাঁটাতারের ওই বেড়ায় বাঁশের মই লাগিয়ে উট প্রজাতির ওই প্রাণীকে ভারতে পাঠানোর চেষ্টা করছিল তিনজন। প্রাণীটি নেওয়ার জন্য চারজন এপ্রান্তে দাঁড়িয়ে ছিল। পাহারারত জওয়ানদের নজর সেখানে পড়তেই শূন্যে গুলি চালান। বিএসএফের চালানো গুলির শব্দ শুনতেই প্রাণী ও মই ফেলে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় সকলে।
এরপরেই রাজ্য বনদফতরের হাতে প্রাণীটিকে তুলে দেয় বিএসএফ। বনদফতর জানিয়েছে, প্রাণী লোমের জন্য পাচার করা হচ্ছিল। কয়েকদিন আগেই উত্তর ২৪ পরগনায় ভারত-বাংলাদেশ সীমান্তে চারটি চিনের সোনালি তিতির পাখি উদ্ধার করে।