
ভাগবানগোলা স্কুলে একসঙ্গে চাকরি গেল ২১ জনের
শেষ আপডেট: 3 April 2025 17:14
মামিনুল ইসলাম, মুর্শিদাবাদ
সুপ্রিম কোর্টের রায়ে একসঙ্গে চাকরি গেল ভগবানগোলা উচ্চ বালিকা বিদ্যালয়ের ২১ জন শিক্ষিকার। ফলে চরম অনিশ্চয়তায় এই স্কুলের ভবিষ্যৎ। বৃহস্পতিবার সকালে এই খবর জানাজানি হতেই স্তব্ধ গোটা স্কুল।
বিদ্যালয়ের ৬২ জন শিক্ষিকার মধ্যে ২১ জন চাকরি হারানোয় প্রশাসনিক ও শিক্ষাগত কার্যক্রম প্রায় স্থবির হয়ে পড়েছে। দুশ্চিন্তায় পড়েছেন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা। তিনি বলেন, "আগামীকাল থেকেই স্কুলে পরীক্ষা শুরু হওয়ার কথা। কিন্তু এই পরিস্থিতিতে পরীক্ষা কী করে হবে বুঝতে পারছি না। প্রায় চার হাজার ছাত্রী এই স্কুলে পড়াশোনা করে। আমি খুবই চিন্তায় পড়েছি।"
রায়ের খবর আসতেই হতভম্ভ শিক্ষিকারা। চাকরি হারানো শিক্ষিকারা চোখের জল ফেলতে ফেলতে জানান, তাঁরা কখনই কোনও অন্যায় বা দুর্নীতি করে এই চাকরি পাননি। কিন্তু নিরপরাধ হয়েও চাকরি হারাতে হল, যা চরম অন্যায়।চাকরি হারানো শিক্ষিকারা স্কুলের সামনে রাস্তায় বসে কান্নায় ভেঙে পড়েন। স্থানীয় বাসিন্দারাও বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। অভিভাবকদেরও প্রশ্ন, "এই সংকটের সমাধান না হলে তাদের সন্তানদের ভবিষ্যৎ কী হবে?" স্কুলের একাধিক শিক্ষক ও অভিভাবক জানিয়েছেন, স্কুলের এত বড় সংখ্যক শিক্ষিকা চলে গেলে শিক্ষার মান ও কার্যক্রম মারাত্মকভাবে ব্যহত হবে। যদি দ্রুত সমাধান না হয়, তাহলে স্কুল চালানো অসম্ভব হয়ে উঠবে।
এই রায়ের বিরুদ্ধে চাকরি হারানো শিক্ষিকারা ফের আইনি পথে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। তারা চাইছেন, ন্যায়বিচার পেতে আরও একবার লড়াই করতে। স্কুলের এই সংকটময় পরিস্থিতিতে রাজ্য শিক্ষা দফতর কী পদক্ষেপ করে, সেদিকেই এখন তাকিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।