
শেষ আপডেট: 15 January 2024 21:03
দ্য ওয়াল ব্যুরো: গত কয়েকদিন ধরে রাজ্য রাজনীতিতে আলোচনায় রয়েছেন দমকল মন্ত্রী সুজিত বসু। শুক্রবার সকালে তাঁর বাড়িতে হঠাৎ পৌঁছে গিয়েছিলেন ইডির গোয়েন্দারা।
ঘটনাচক্রে সোমবার দমকল বিভাগের ডিরেক্টর জেনারেল পদ থেকে আইপিএস অফিসার রণবীর কুমারকে সরিয়ে দিল নবান্ন। তাঁকে পাঠানো হল ফরেনসিক সায়েন্স ল্যাবের প্রশাসক করে।
বাম জমানা থেকে রাজ্য প্রশাসনে কিছু চলতি ধারণা রয়েছে। এ ধরণের প্রশাসনিক পদে কোনও সিনিয়র পুলিশ অফিসারকে পাঠিয়ে দিলে তা খুব গরিমার সঙ্গে দেখা হয় না। অথচ ফৌজদারি তদন্ত থেকে বিবিধ বিষয়ে ফরেনসিক সায়েন্স ল্যাবের গুরুত্ব অপরিসীম। নিয়োগ দুর্নীতি কাণ্ডে অভিযুক্ত সুজয়ক়ৃষ্ণ ভদ্রর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের সময়ে এই ফরেনসিক সায়েন্স ল্যাব থেকে একজনকে প্রতিনিধি করে পাঠানোর নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট।
রণবীর কুমারকে ফরেনসিক সায়েন্স ল্যাবে পাঠিয়ে তাঁর স্থানে দমকলের ডিজি করা হয়েছে সঞ্জয় মুখোপাধ্যায়। এর আগেও একবার দমকলের ডিজি ছিলেন এই সিনিয়র আইপিএস অফিসার। তাঁকে দ্বিতীয়বার দমকলে ফেরাতেই প্রশাসনের অনেকের মনে কৌতূহল তৈরি হয়েছে।
কলকাতায় এ সব যখন হচ্ছে তখন দমকল মন্ত্রী ছিলেন গঙ্গাসাগরে। এমনিতেই গঙ্গাসাগর মেলার সময়ে দমকল মন্ত্রীর বাড়তি দায়িত্ব থাকে। এবার প্রস্তুতি বৈঠকের দিন মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছিলেন, সুজিত বসুকে মেলা প্রাঙ্গনেই থাকতে হবে।
সেই মতো শীতের জামাকাপড়ের ব্যাগ গুছিয়ে এখন গঙ্গাসাগরে রয়েছেন সুজিত। এদিন মকরসংক্রান্তিতে সাগরে গুণে গুণে তিনটে ডুবও দেন তিনি। দমকলে বদলের ঘটনা ঘটে সেই সময়েই। হতে পারে মন্ত্রী সুজিত হয়তো তা জানতেন। আবার এও হতে পারে তিনি জানতেনই না। বিজ্ঞপ্তি হওয়ার পর জেনেছেন।