
মমতা বন্দ্যোপাধ্যায়
শেষ আপডেট: 10 July 2024 20:56
দ্য ওয়াল ব্যুরো: হকার ইস্যু এবং বেআইনিভাবে জমি দখলের অভিযোগে ক্ষুব্ধ হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরই তিনি নবান্নে বৈঠক করে কড়া বার্তা দিয়েছিলেন। মুখ্যমন্ত্রীর সেই নির্দেশের এক সপ্তাহের মধ্যে বিরাট রদবদল হল জেলাস্তরে। ভূমি ও ভূমি রাজস্ব দফতরের বহু আধিকারিককে বদলি করা হল নবান্নের তরফে। কাদের কোন পদে বদলি করা হচ্ছে সেই নিয়ে ইতিমধ্যে নির্দেশিকা জারি করা হয়েছে।
সাম্প্রতিক সময়ে সরকারি জমি দখল হওয়ার একাধিক অভিযোগ এসেছে। এই ইস্যুতেই চলতি মাসের শুরুতে প্রশাসনিক কর্তাদের নিয়ে নবান্নে বৈঠক করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই বৈঠকে তিনি যেভাবে ক্ষোভ প্রকাশ করেছিলেন তাতে বোঝা গেছিল আগামী কয়েকদিনে বড় কোনও পদক্ষেপ নেওয়া হতে পারে। হলও তেমনটাই। একসঙ্গে অন্তত ১৮০ বিএলআরও এবং একাধিক রেভিনিউ অফিসারকে বদলি করে দেওয়া হয়েছে।
বুধবার বিজ্ঞপ্তি প্রকাশ করে নবান্নের তরফে জেলায় জেলায় নির্দেশ দেওয়া হয়েছে, আগামী ২ দিনের মধ্যেই বদলি হওয়া বিএলআরও-দের কাজ থেকে অব্যাহতি দিতে হবে। তারপর তাঁরা নতুন বিভাগে যোগদান করবেন। পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম থেকে শুরু করে প্রায় সবকটি জেলার বিএলআরও-দের বদলি করা হয়েছে। একাধিক জেলার রেভিনিউ অফিসারেরও রদবদল হয়েছে। সব মিলিয়ে মোট ৪৫৬ জনকে বদলি করা হয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন, সাম্প্রতিক সময়ে ভূমি ও ভূমি রাজস্ব দফতরের ক্ষেত্রে এটাই সবথেকে বড় রদবদল।
সরকারি জমি দখল মুক্ত করতে উদ্যোগী হয়ে মুখ্যমন্ত্রী এ ব্যাপারে কাউকেই রেয়াত না করার হুঁশিয়ারি দিয়েছিলেন। তিনি কতদূর যেতে পারেন তা বোঝাতে 'কাক মেরে ঝুলিয়ে রাখা'র কথাও বলেছিলেন। একই সঙ্গে জমি মাফিয়া চক্রে প্রশাসনেরও এক শ্রেণির আমলার যোগসাজস রয়েছে বলে নিজেই জানিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর এমন চাপের মুখে পড়ে ধরপাকড়ও শুরু হয়। প্রথমেই গ্রেফতার হন শিলিগুড়ি পুরসভার মেয়র তথা প্রাক্তন মন্ত্রী গৌতম দেবের ঘনিষ্ঠ নেতা দেবাশিস প্রামাণিক।