চার বছরের দাম্পত্য—কিন্তু তাতে নাকি সুখের চেয়ে অশান্তিই বেশি ছিল।

প্রতীকী ছবি।
শেষ আপডেট: 14 November 2025 23:57
দ্য ওয়াল ব্যুরো: উত্তর দিনাজপুরের (North Dinajpur) ইসলামপুরে তরতাজা যুবকের রহস্যমৃত্যু (Mysterious Death) ঘিরে চাঞ্চল্য। শুক্রবার সকালে নিজের ঘর থেকেই ঝুলন্ত অবস্থায় উদ্ধার হল টিঙ্কু নন্দী, ওরফে তাপস। পরিবারের দাবি—এ মৃত্যু আত্মহত্যা নয়, পরিকল্পিত খুন। অভিযোগের আঙুল সরাসরি তাঁর স্ত্রী সুতপা বলের দিকে।
স্থানীয় সূত্রে খবর, এ দিন ভোরে টিঙ্কুর মা সন্ধ্যা নন্দী ঘরে ঢুকে দেখেন পুত্র দড়িতে ঝুলছেন। আতঙ্কে চিৎকার করে উঠলেও পরে নিজেই একটি বঁটি দিয়ে শাড়ির ফাঁস কেটে তাঁকে নামান। তড়িঘড়ি ইসলামপুর হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা টিঙ্কুকে মৃত বলে ঘোষণা করেন।
চার বছরের দাম্পত্য—কিন্তু তাতে নাকি সুখের চেয়ে অশান্তিই বেশি ছিল। টিঙ্কুর পরিবারের অভিযোগ, কয়েক মাস ধরেই সুতপার এক যুবকের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয়েছিল। সেই নিয়ে দু’জনের মধ্যে অশান্তি লেগেই থাকত। আর্থিক টানাপড়েনও নিত্যসঙ্গী ছিল তাঁদের সংসারে।
টিঙ্কুর পরিবারের দাবি, তাঁকে খুন করে পরে ঝুলিয়ে ‘আত্মহত্যা’ বলে চালানোর চেষ্টা হয়েছে।
ইতিমধ্যেই ইসলামপুর থানার পুলিশ তদন্তে নেমেছে। সন্দেহের ভিত্তিতে সুতপা বলকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। মৃত্যুর প্রকৃত কারণ জানতে দেহ পাঠানো হয়েছে ইসলামপুর মর্গে ময়নাতদন্তে।