
ফাইল ছবি।
শেষ আপডেট: 16 April 2025 14:50
দ্য ওয়াল ব্যুরো: মুর্শিদাবাদ কাণ্ডে (Murshidabad) আরও একটি মামলা দায়ের হল কলকাতা হাইকোর্টে (Calcutta High Court)। ঘরবাড়ি লুটপাটের পাশাপাশি প্রাণহানির ঘটনাও ঘটে। এদিন একটি স্বেচ্ছাসেবী সংস্থার তরফে হাইকোর্টে মামলা করার অনুমতি চাওয়া হয়। মামলা করার অনুমতি দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা। আগামীকাল এই মামলার শুনানির সম্ভাবনা।
ওয়াকফ সংশোধনী আইনের (Waqf Amendment Act) বিরোধিতায় শুক্রবার থেকে দফায় দফায় উত্তপ্ত হয়ে উঠেছিল মুর্শিদাবাদ। এখন পরিস্থিতির খানিক উন্নতি হয়েছে। বুধবার থেকে নতুন করে তেমন কোনও গন্ডগোলের খবর মেলেনি জঙ্গিপুর, ধুলিয়ান, সামশেরগঞ্জ বা সুতি থানা এলাকায়।
তবে অশান্ত এলাকায় বহু মানুষ ঘরছাড়া। তাঁদের জন্য রিলিফ ক্যাম্প খুলতে চায় একটি সমাজসেবী সংগঠন। তারা আক্রান্তদের খাবার, ওষুধ, জামাকাপড় তুলে দিতে চায়।
অভিযোগ, ঘরছাড়াদের তাদের স্বাভাবিক জীবনে ফেরাতে তাঁরা কাজ করতে চান, এজন্য অনুমতি চেয়ে পুলিশের কাছে আবেদন জানানো হলেও পুলিশ তা গ্রাহ্য করেনি। এ বিষয়ে প্রথমে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে মামলা দায়েরের অনুমতি চাওয়া হয়। তিনি মামলাটি বিচারপতি অমৃতা সিনহার এজলাসে মামলাটি পাঠিয়ে দেন। বিচারপতি সিনহা মামলা দায়েরের অনুমতি দিয়েছেন।
এর আগে এদিনই মুর্শিদাবাদ ইস্যুতে একাধিক মামলা দায়ের হয়েছে কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) মুর্শিদাবাদের অশান্ত এলাকায় যেতে চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। মামলা দায়েরের অনুমতি দিয়েছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। বুধবার বিকেলে শুনানির সম্ভাবনা।
অন্যদিকেএনআইএ (NIA)তদন্ত চেয়ে বুধবার হাইকোর্টে মামলা দায়ের করেছে আক্রান্তদের একাংশও। মুর্শিদাবাদের ঘটনায় প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চের হস্তক্ষেপ চেয়ে আদালতে মামলা দায়ের করেছে বিশ্ব হিন্দু পরিষদও। মামলা দায়েরের অনুমতি দিয়েছে আদালত।