
প্রতিবেশীকে হাঁসুয়ার কোপ মেরে খুন
শেষ আপডেট: 20 June 2024 15:02
দ্য ওয়াল ব্যুরো, মুর্শিদাবাদ: দুই পরিবারের মধ্যে জমি নিয়ে বিবাদ চলছিল। সেই বিবাদ আদালত পর্যন্ত গড়িয়েছিল। কিন্তু সমস্যা মেটেনি। এবার জমির দখল নিতে প্রতিবেশীকে হাঁসুয়া দিয়ে কুপিয়ে খুন করার অভিযোগ উঠল অপর এক প্রতিবেশীর বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার উত্তেজনা ছড়ায় মুর্শিদাবাদের জলঙ্গি থানার প্রশ্ননগর এলাকায়। ঘটনার পর থেকে অভিযুক্ত লোকমান শেখ ও তার পরিবারের সদস্যরা বেপাত্তা হয়ে গেছে। পুলিশ তাদের খোঁজ পেতে এলাকায় তল্লাশি শুরু করেছেন।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরেই লোকমান শেখ জোর করে আশরাফুল শেখের জমি দখল করতে চাইছিল। জমির অর্ধেক অংশ সে দখলও করে নিয়েছিল। বাকি অংশ দখল করতে লাঠির জোর দেখাচ্ছিল। কিন্তু আশরাফুলরাও রুখে দাঁড়িয়েছিলেন এই অন্যায়ের বিরুদ্ধে। তাই জমির দলিল, সেই সংক্রান্ত নথি নিয়ে লোকমান শেখ ও তাঁর পরিবারের বিরুদ্ধে আদালতে মামলা করে। সেখানে দেখা যায় ওই জমির মালিক আদতে আশরাফুল। কারণ তাঁর বাবা সেই জমি কিনেছিলেন। সরকারি নথি পত্রের রেকর্ডে আশরাফুলের বাবার নাম লেখা রয়েছে। অভিযোগ, জমি হাতছাড়া হয়ে যাবে ভেবে আরও নির্যাতন শুরু করেছিল লোকমান।
মৃতের স্ত্রীর দাবি, "বুধবার রাতে লোকমান ও তার ছেলে বাড়িতে চড়াও হয়েছিল। স্বামীকে হুমকি দেয়, তোকে মেরে আমি জমি দখল করবই। এরপর সকালে মাঠে যাওয়ার সময়ে স্বামীকে একা পেয়ে হাঁসুয়ার কোপ মারে লোকমান।"
স্থানীয় সূত্রে জানা যায়, মাঠের উপর দিয়ে যাওয়ার সময়ে আশরাফুলকে হাঁসুয়া নিয়ে আচমকাই আক্রমণ করে লোকমান। ক্রমাগত কোপাতে থাকে। সেই সময় লোকমানের স্ত্রী ও ছেলে সেখানেই ছিল। পরে গ্রামবাসীদের আসতে দেখে তারা পালিয়ে যায়। রক্তাক্ত অবস্থায় আশরাফুলকে সাদিখান দেয়ার গ্রামীণ হাসপাতালে ও পরে অবস্থার অবনতি হলে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসকরা আশরাফুলকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনাস্থলে পৌঁছয় জলঙ্গি থানার পুলিশ।