
শেষ আপডেট: 1 July 2019 18:30
২০০৫-এর ১৬ জুলাই এমনই ভয়াবহ অবস্থার সাক্ষী হয়েছিল মুম্বইবাসী। টানা ২৪ ঘণ্টার বৃষ্টিতে ডুবে গিয়েছিল মুম্বই ও শহরতলি এলাকা। তৈরি হয়েছিল বন্যা পরিস্থিতির। ১৪ বছর আগেকার সেই স্মৃতি উস্কে দিয়ে ফের একটানা বৃষ্টি শুরু হয়েছে মুম্বই ও লাগোয়া এলাকায়। স্কুল, কলেজ-সহ সমস্ত সরকারি অফিস আজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছে প্রশাসন।
টানা বৃষ্টির জেরে ধসে পড়েছে মালাড (পূর্ব)একটি আবাসনের দেওয়াল। অন্যদিকে, মুম্বইয়ের কাছে কল্যাণেও একটি স্কুলের দেওয়াল ভেঙে পড়েছে। জোড়া দুর্ঘটনায় ইতিমধ্যেই ২৭ জনের মৃত্যুর খবর মিলেছে। মৃতদের মধ্যে রয়েছে অনেক শিশুও। মৃতের সংখ্যা বাড়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ শুরু করেছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (এনডিআরএফ)। ধ্বংসস্তূপের মধ্যে অনেকের আটকে থাকার আশঙ্কাও দেখা দিয়েছে।

মুম্বই শহর ও শহরতলিতে রেল যোগাযোগ একেবারেই বিপর্যস্ত। সোমবার মাঝরাতে সেন্ট্রাল রেলওয়ে থেকে টুইট করে বলা হয়েছে, আমরা প্রকৃতির রোষের শিকার হয়েছি। কুরলা থানে এলাকা দিয়ে ট্রেন চালানো কঠিন হয়ে দাঁড়িয়েছে। সুবার্বান ট্রেন সার্ভিস আপাতত বন্ধ রাখা হচ্ছে। মানুষের অসুবিধার জন্য দুঃখিত। মঙ্গলবার সকালে ওয়েস্ট ও সেন্ট্রাল রেলওয়ে থেকে টুইট করে জানানো হয়েছে, কোন কোন লাইন দিয়ে এদিন ট্রেন চালানো হচ্ছে।
এ দিকে বৃষ্টির জেরে জলমগ্ন মুম্বই বিমানবন্দরের রানওয়ে। জমা জলে ঘুরে বেড়াচ্ছে মাছ। পরিষেবা একেবারে শিকেয়। মঙ্গলবারই রানওয়েতে অবতরণের সময় কটা স্পাইসজেট বিমান নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। যদিও বড়সড় কোনও দুর্ঘটনা ঘটেনি। যাত্রীদের নিরাপদে বার করে আনা হয়। বিপদ এড়াতে মুম্বই বিমানবন্দরের মূল রানওয়ে আপাতত বন্ধ রাখা হয়েছে। দ্বিতীয় একটি রানওয়ে থেকে বিমান ওঠানামা করছে। এখনও অবধি ৫২টি উড়ান বাতিল হয়েছে, ৫৪টি উড়ানের মুখ ঘুরিয়ে আহমেদাবাদ, গোয়া, বেঙ্গালুরুর দিকে পাঠিয়ে দেওয়া হয়েছে। ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরের তরফে টুইট করে জানানো হয়েছে, রানওয়ে স্বাভাবিক করতে আরও ৪৮ ঘণ্টা সময় লাগবে। রানওয়ে থেকে জল সরানোর কাজ শুরু করে দেওয়া হয়েছে।
গত পাঁচ দিনের অবিরাম বৃষ্টিতে জল ফেঁপে উঠেছে মিথি নদীতে। তীরে বসবাসকারী হাজারের বেশি মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। স্থানীয় বিপর্যয় মোকাবিলা দফতরের মুখপাত্র তানাজী কাম্বলে জানিয়েছেন, নদীর পাড় ছাপিয়ে জল ঢুকছে বাসযোগ্য এলাকায়। তৈরি হচ্ছে বন্যা পরিস্থিতি।
বেসরকারি আবহাওয়া অফিস স্কাইমেটের পুর্বাভাস অনুযায়ী, বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া একটি নিম্নচাপ সরে যাচ্ছে পশ্চিম উপকূলের দিকে। তার ফলে আগামিকাল ৩ জুলাই মুম্বইতে বৃষ্টির পরিমাণ বাড়বে।