রেলের পক্ষ থেকে অবশ্য জানানো হয়েছে, বিসর্জনের দিনগুলিতে ঘাটের ভিড় এবং নিরাপত্তার স্বার্থে এই ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ফাইল ছবি।
শেষ আপডেট: 30 September 2025 20:32
দ্য ওয়াল ব্যুরো: পুজো মানেই কলকাতার রাস্তায় জনস্রোত, আর গঙ্গার ঘাটে বিসর্জনের ঢল। আর এই বিসর্জনই এবারে ভোগান্তি ডেকে আনছে চক্ররেলের নিয়মিত যাত্রীদের জন্য (Chakrarail)।
রেলের ঘোষণা অনুযায়ী, দুর্গাপ্রতিমা ও লক্ষ্মীপ্রতিমা নিরঞ্জনের দিনগুলিতে গঙ্গার ঘাট সংলগ্ন রুটে চক্ররেলের পরিষেবা আংশিক বন্ধ রাখা হবে। ফলে টানা ছ’দিন— ২ থেকে ৫ অক্টোবর (দশমী থেকে ত্রয়োদশী) এবং ৭ ও ৮ অক্টোবর পরিষেবা বিঘ্নিত হবে (Train Cancelled)।
রেল সূত্রে খবর, এই সময়ে এক জোড়া ট্রেন (৩০৪১৬, ৩০৪৫১) সম্পূর্ণ বাতিল থাকবে। শুধু তাই নয়, ছ’টি সার্কুলার ট্রেন— ৩০৩১২, ৩০৩১৪, ৩০১২২, ৩০৩৩১, ৩০৩১১, ৩০৩১৩— চলবে বটে, তবে সেগুলি কলকাতা স্টেশন থেকেই যাত্রা শুরু এবং শেষ করবে। আবার অন্য এক জোড়া চক্ররেল (৩০১৫৪, ৩০১২৩) শিয়ালদহ (নর্থ) স্টেশন থেকে চালানো হবে। এর পাশাপাশি আরও সাতটি ট্রেন নির্দিষ্ট সময়সীমার মধ্যে পুরোপুরি বন্ধ থাকবে।
অর্থাৎ নিয়মিত যাত্রীদের জন্য তৈরি হচ্ছে বড়সড় ধাক্কা। চক্ররেল মূলত অফিসগামী যাত্রীদের অন্যতম ভরসা। প্রতিদিন হাজার হাজার যাত্রী এই পথে চলাচল করেন। তাদের একাংশের বক্তব্য, ‘‘পুজো শেষ হতেই অফিসে ফিরতে হবে। তখনই যদি ট্রেন কমে যায়, ভোগান্তি বাড়বে।’’
রেলের পক্ষ থেকে অবশ্য জানানো হয়েছে, বিসর্জনের দিনগুলিতে ঘাটের ভিড় এবং নিরাপত্তার স্বার্থে এই ব্যবস্থা নেওয়া হচ্ছে।
তবে যাত্রী সংগঠনগুলির দাবি, রেল আগেভাগে বিকল্প পরিষেবার ঘোষণা করলে অসুবিধা কিছুটা কমতে পারত। বিশেষ করে অফিস সময়ের ভিড় সামলানোই বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে চলেছে।
সব মিলিয়ে পুজো মিটলেই শহরবাসীর উৎসব-আনন্দে খানিক ছেদ পড়তে বাধ্য। দুর্গা থেকে লক্ষ্মীর বিসর্জনের ঢল নামবে গঙ্গার ঘাটে, আর সেই কারণেই চক্ররেলের নিয়মিত ছন্দে পড়বে টান। আগামী এক সপ্তাহে তাই অফিসযাত্রীদের ভরসা রাখতে হবে হয় বাসে, নয় মেট্রোয়।