
শেষ আপডেট: 18 March 2022 06:10
দ্য ওয়াল বুরো: তুমুল উৎসাহ উদ্দীপনার মধ্যে গোটা দেশে দোল ও হোলি পালিত হচ্ছে (Holi 2022)। ক্যালেন্ডার অনুযায়ী হোলি ১৯ মার্চ, শনিবার হলেও দেশের সর্বত্রই গত পরশু থেকে রং খেলা শুরু হয়েছে। সেই সঙ্গে চলছে শুভেচ্ছা বিনিময়। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী সহ বিশিষ্টরা দেশবাসীকে রংয়ের উৎসবের শুভেচ্ছা জানিয়েছেন।
তবে জাতীয় এই উৎসবে নজর কেড়েছে কেন্দ্রীয় মন্ত্রী মুখতার আব্বাস নকভির (mukhtar abbas naqvi) আয়োজন। তিনি তাঁর দিল্লির বাড়িতে আজ সাধারণ মানুষকে হোলি খেলার আমন্ত্রণ জানিয়েছেন। দিল্লির ৭, সফদরজং রোড হল নকভির সরকারি বাসভবন। দল, সরকার এবং রাজনীতির নানা অঙ্গনের মানুষের কাছে নকভির তরফে সরকারি প্যাডে আমন্ত্রণপত্র পৌঁছে দেওয়া হয়েছে তাঁর বাড়িতে হোলি খেলায় অংশ নেওয়ার জন্য। দুয়ার খোলা সাধারণের জন্যও।
এলাহাবাদ, অধুনা প্রয়াগরাজের মানুষ নকভির সঙ্গে আরএসএসের যোগ ছাত্র জীবন থেকে। তাঁর কথায়, রাষ্ট্রীয় স্বয়ং সেবক সঙ্ঘ একটি দেশপ্রেমিক, জাতীয়তাবাদী সংগঠন। বিজেপির জন্মের আগে তিনি জনসংঘের সঙ্গে যুক্ত ছিলেন। তাঁর স্ত্রী হিন্দু।
নকভি বাজপেয়ি সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রকের মন্ত্রী ছিলেন। নরেন্দ্র মোদী তাঁকে সংখ্যালঘু বিষয়ক মন্ত্রকের দায়িত্ব দিয়েছেন। মোদীর মন্ত্রিসভায় একমাত্র মুসলিম মুখ। শুধু তাই নয়, মোদীর ‘সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশোয়াস’ স্লোগানের অন্যতম প্রচারক নকভি। দল ও সরকার
যখনই সংখ্যালঘু নিপীড়ন বা তাদের স্বার্থে আঘাতের দায়ে অভিযুক্ত হয়েছে, ঢাল হয়ে সামনে দাঁড়িয়ে পড়েছেন নকভি। যে কারণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ গেরুয়া শিবিরের অত্যন্ত পছন্দের মানুষ তিনি। রাজ্যসভায় তিনি দলের ডেপুটি লিডার।
নকভি বহু বছর ধরেই হোলিতে অংশ নিয়ে আসছেন। তিনি মনে করেন, এই উৎসবের সঙ্গে ধর্মের কোনও সম্পর্ক নেই। এটা ভারতের জাতীয় উৎসব।
আজই আবার মুসলিমদের গুরুত্বপূর্ণ উৎসব শবে বরাত। ইসলাম ধর্মাবলম্বীদের কাছে আজকের রাতটি সৌভাগ্যের রাত। তারা বিশ্বাস করেন, এই রাতে আল্লাহ মানুষকে বিশেষভাবে ক্ষমা করে থাকেন। হোলি ও শবে বরাতের কথা উল্লেখ করে নকভি ট্যুইট করেছেন।
তবে তাঁর এবারের হোলি উদযাপনের আয়োজন বিগত বছরগুলির থেকে আলাদা। সরকারি আমন্ত্রণপত্রে বলা হয়েছে, করোনা মহামারীর কারণে বিগত দু’ বছর রংয়ের উৎসব থেকে দূরে থাকতে হয়েছিল। আসুন এবার উৎসবে মাতি।