
শেষ আপডেট: 30 July 2023 14:47
দ্য ওয়াল ব্যুরো: এম এস ধোনিদের (MS Dhoni) বিমান বলা যেতে পারে ঘর-বাড়ি হয়ে গিয়েছে। তাঁরা বছরের বেশিরভাগ সময় বাড়ির বাইরেই কাটান। এতদিন দেশ-বিদেশ বহু জায়গায় গিয়েছেন ধোনি, কিন্তু এমন অবস্থার মধ্যে কোনওদিন পড়েননি। যেখানে ঘুমন্ত (Sleeping) মাহিকে উদ্ধার করে তাঁর ভিডিও নিয়ে সোশ্যাল সাইটে পোস্ট করেছেন এক বিমান সেবিকা (Air Hostess)।
এই ঘটনা ঘটেছে অতি সম্প্রতি। ধোনি সেইসময় রাঁচি থেকে অন্য শহরে যাচ্ছিলেন বিশেষ কাজে। ধোনির এক আসন ছেড়ে বসেছিলেন স্ত্রী সাক্ষী। তিনিও টের পাননি তাঁর বিখ্যাত স্বামীর গোপন মুহূর্ত ভিডিও করা হচ্ছে। যে বিমান সেবিকা এই কাজটি করেছেন, তিনি ধোনির বড় ফ্যান, সেটি বলাই যেতে পারে। কিন্তু কারও গোপন মুহূর্ত, সে তিনি যত বড়ই সেলিব্রিটি হোন না কেন, তাঁর এমন ভিডিও নেওয়া ঠিক কাজ নয়।
অনেকে ওই বিমান সেবিকার কাণ্ডজ্ঞান নিয়ে প্রশ্ন তুলেছেন। কেউ বলেছেন, এটা ঠিক হয়নি। কারও গোপন মুহূর্তের ছবি বা ভিডিও তোলা বাহাদুরির বিষয় নয়। কারও মতে, তরুণী খুব লাকি যে ধোনির এমন ভিডিও নিজের মোবাইলে রাখতে পেরেছে।
জনৈক বিমান সেবিকা কেবিনের দরজার আড়ালে ফোন রেখে ঘুমন্ত ধোনির ভিডিও তোলেন। এমনকী দরজার অপর প্রান্তে দাঁড়িয়ে ধোনির সঙ্গে নিজেকেও ফ্রেমবন্দি করেন তিনি। অনেকে এও বলেছেন, এই তরুণী কারও অনুমতি ছাড়া ভিডিও তুলে সঠিক কাজ করেননি। তাঁর চাকরি ছাঁটাই হলেই ভাল।
যাঁকে নিয়ে এত কাণ্ড, সেই ধোনি অবশ্য এ ব্যাপারে মুখ খোলেননি। আর খুলবেন না, সেটি তাঁর ফ্যানরা জানেনই। কারণ মাহি থাকেন মাহির জগতেই।