
শেষ আপডেট: 26 March 2023 07:36
দ্য ওয়াল ব্যুরো: স্কুলে সারপ্রাইজ ইনস্পেকশনে গিয়েছিলেন আধিকারিকরা। কিন্তু সেখানে অধ্যক্ষের ঘর থেকে যা মিলল, তাতে চোখ কপালে উঠল সরকারি আধিকারিকদের। বেসরকারি স্কুলটির প্রিন্সিপালের ঘর থেকে একাধিক মদের বোতল এবং কন্ডোম পাওয়ার (condoms found inside school) পরেই সিল করে দেওয়া হয়েছে সেটি।
মধ্যপ্রদেশের (Madhya Pradesh) মোরেনা জেলায় অবস্থিত বেসরকারি স্কুলটিতে জেনারেল ইনস্পেকশনে গিয়েছিলেন রাজ্যের শিশু সুরক্ষা কমিশনের সদস্য নিবেদিতা শর্মা এবং জেলা শিক্ষা আধিকারিক একে পাঠক। সমগ্র স্কুলটি ভাল করে ঘুরে দেখার পর তাঁরা খেয়াল করেন, স্কুল বিল্ডিংয়ের দুটি প্রান্ত ভিতর দিয়ে একসঙ্গে জোড়া।
আশ্চর্যজনকভাবে , স্কুল কর্তৃপক্ষের তরফে কেউই সরকারি আধিকারিকদের সেখানে নিয়ে যাননি। ফলে তাঁরা নিজেরাই সেখানে ঢুকে পড়েন। তাতেই দেখা যায়, ওই অংশটিতে রীতিমতো থাকার বন্দোবস্ত রয়েছে। রয়েছে গ্যাস সিলিন্ডার, খাট-বিছানাও। ক্যাম্পাসের ভিতরেই রান্না খাওয়ার ব্যবস্থা করে একাধিক লোকজন সেখানে দিব্যি থাকছিলেন। সরকারি আধিকারিকদের দেখতে পেয়েই বেরিয়ে আসেন তাঁরা।

নিবেদিতা শর্মা এবং একে পাঠক আরও জানিয়েছেন, স্কুল চত্বরের ভিতর অধ্যক্ষের ঘর থেকে একাধিক মদের বোতল এবং কন্ডোম সহ বিভিন্ন আপত্তিকর জিনিস উদ্ধার করা হয়েছে। বিষয়টি ইতিমধ্যেই আবগারি দফতরের কাছেও রিপোর্ট করেছেন তাঁরা। খবর দেওয়া হয় থানাতেও। তদন্তকারীরা পুরো বিষয়টি খতিয়ে দেখছেন।
পুরো বিষয় জানার পর জেলা সংগ্রাহক স্কুলটি বন্ধ করে দেওয়া নির্দেশ দেন। সেই মতোই সিল করে দেওয়া হয়েছে স্কুলটি।
যদিও তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন স্কুলের প্রিন্সিপাল। তাঁর দাবি, থাকার জন্য যে জায়গাটি রয়েছে তা ক্যাম্পাসের মধ্যে নয়। ঘর থেকে মদের বোতল পাওয়ার বিষয়টি স্বীকার করে নিয়েও তাঁর দাবি, 'আমরা মদ খাওয়ার লোক নই।'
ওএমআর শিট বিকৃতির 'পান্ডা' নীলাদ্রি কে? ৪ বছর আগে ধরেছিল সিআইডি