হুমায়ুনের সোজাসাপটা জবাব, “বিদেশ থেকে কেন টাকা আসবে? দেশের মুসলিমদের কি টাকা নেই?”

গ্রাফিক্স-দ্য ওয়াল।
শেষ আপডেট: 9 December 2025 19:31
মুর্শিদাবাদের (Murshidabad) বেলডাঙায় মসজিদের (Mosque) শিলান্যাসের দিন থেকেই রাজ্য রাজনীতির কেন্দ্রে ভরতপুরের সাসপেন্ডেড তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর (Humayun Kabir)। তিন দিনে তিন কোটি টাকার অনুদান—নোটে ঠাসা বাক্সের হিসেব এখনও শেষ হয়নি। স্বাভাবিকভাবেই ঘনাচ্ছে জল্পনা। এত টাকা হঠাৎ এল কোথা থেকে?
সমালোচকদের অভিযোগ—মসজিদ নির্মাণ আর নতুন দল, দুয়ের আড়ালে কি বিদেশি অর্থ? দ্য ওয়ালকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে হুমায়ুনের সোজাসাপটা জবাব, “বিদেশ থেকে কেন টাকা আসবে? দেশের মুসলিমদের কি টাকা নেই?”
প্রসঙ্গ টেনে আনলেন প্রধানমন্ত্রী মোদীরও। হুমায়ুনের কথায়, “মোদীজিকে যেমন সাপোর্ট করার লোক আছে, তেমনই মুসলমানদের মান-সম্মান রক্ষার লোকও আছে ভারতে। মুসলিমদের সমস্যা নিয়ে কাজ করার জন্য মুসলিম রিলেটেড সংগঠন গড়লে বাংলায় অনেক মানুষ সাহায্যের হাত বাড়ান। প্রচুর মানুষের অর্থদানই তো তার প্রমাণ!।”
এখানেই থামেননি। স্বচ্ছতার প্রশ্নে সরাসরি কেন্দ্র ও রাজ্যকে চ্যালেঞ্জ ছুড়ে তিনি বলেন, “আমি যদি বেআইনি কিছু করি, ইডি-সিবিআই-আইটি তো আছে! দেখুক, তদন্ত করুক, ব্যবস্থা নিক।”
আগেই জানিয়েছেন, ২২ ডিসেম্বর মুর্শিদাবাদের টেক্সটাইল মোড়ে তাঁর নতুন দল আত্মপ্রকাশ করবে। এ দিন দাবি আরও বহুদূর প্রসারিত, “২৬-এর বিধানসভা ভোটে আমার দল বড় ফ্যাক্টর হবে। তৃণমূল বা বিজেপি—কেউ সংখ্যাগরিষ্ঠতা পাবে না। সরকার গড়তে হলে আমাকেই দরকার হবে। মুখ্যমন্ত্রী যেই হন, আমাকে নিয়েই সরকার করতে হবে।”
হুমায়ুন জানান, ইতিমধ্যেই রাজ্যের বহু জেলা, ব্লক ও মহকুমা স্তরের তৃণমূল নেতারা যোগাযোগ রাখছেন। তাঁর দলের প্রার্থী তালিকা নিয়েও ঘোষণা স্পষ্ট, ১৩৫টি আসনে লড়বে তাঁর দল, যার ৯০টি সংখ্যালঘু অধ্যুষিত কেন্দ্র।
আরও এক তৃণমূল বিধায়কও তাঁর সঙ্গে মঞ্চে উঠবেন বলে দাবি তাঁর। স্বভাবতই জল্পনা তুঙ্গে—নিজের দল গড়বেন, নাকি ওয়াইসির মিম-এ যোগ দেবেন? তিনি রহস্য রেখেই বলছেন, “২২ তারিখ অব্দি অপেক্ষা করুন। সবটাই পরিষ্কার করে দেব।”
তবে রাজ্যের দুই বড় দল—তৃণমূল ও বিজেপি—হুমায়ুনের দাবি গুরুত্ব দিতে নারাজ। তৃণমূলের বক্তব্য, “নতুন দল তো দূরের কথা, ভোটে দাঁড়ালেই জামানত জব্দ হবে।” বিজেপিরও একই সুর।
হুমায়ুন অবশ্য আত্মবিশ্বাসে অটল, “ওয়েট করুন… ২২ তারিখ সিনেমা দেখাব!”