আগামী ১৬ ডিসেম্বর খসড়া তালিকা প্রকাশ করতে চলেছে নির্বাচন কমিশন। শনিবার দুপুর পর্যন্ত কমিশনের তথ্য যা হিসাব দিচ্ছে, তাতে মোট ৫৪ লক্ষ ৮৬ হাজার ৬৭২ জন ভোটারের নাম ওই তালিকায় থাকবে না।

সিইও মনোজ আগরওয়াল
শেষ আপডেট: 6 December 2025 17:46
দ্য ওয়াল ব্যুরো: বাংলায় ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের (এসআইআর) কারণে খসড়া তালিকা থেকে বাদ পড়তে চলেছে ৫৪ লক্ষেরও বেশি ভোটারের নাম। আগামী ১৬ ডিসেম্বর খসড়া তালিকা প্রকাশ করতে চলেছে নির্বাচন কমিশন। শনিবার দুপুর পর্যন্ত কমিশনের তথ্য যা হিসাব দিচ্ছে, তাতে মোট ৫৪ লক্ষ ৮৬ হাজার ৬৭২ জন ভোটারের নাম ওই তালিকায় থাকবে না। মৃত ভোটারদের নাম বাদ তো আছেই, তাছাড়াও নানা কারণে ১৬ তারিখের খসড়া তালিকা থেকে নাম বাদ পড়তে চলেছে। যাদের মধ্যে রয়েছে স্থানান্তরিত ভোটার, ডুপ্লিকেট ভোটার এবং অন্যান্য।
কমিশনের দেওয়া তথ্য বলছে
বাদ পড়া ভোটারদের যে তালিকা এখন সামনে আসছে, সেটি এখনও চূড়ান্ত নয়। সামনে আরও কিছু সংশোধন ও আপডেট যোগ হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে মৃত, অন্যত্র স্থানান্তরিত বা ভুয়ো নামে চিহ্নিত ভোটারদের সংখ্যায় বড় পরিবর্তনের সম্ভাবনা খুবই কম। বরং ‘নিখোঁজ’ হিসাবে নথিভুক্ত ভোটারদের সন্ধান মিললে সেই সংখ্যাটা কমতে পারে। খসড়া তালিকা প্রকাশের সময়সীমা ফের বাড়ানো হয়েছে বলেই সামগ্রিক পরিসংখ্যান বদলে যাওয়ার সম্ভাবনাই বেশি।
বস্তুত, ৪ নভেম্বর থেকে রাজ্যে শুরু হয়েছে এসআইআর প্রক্রিয়া। এনুমারেশন ফর্মের সমস্ত তথ্য কমিশনের পোর্টালে আপলোড করার শেষ দিন ১১ ডিসেম্বর নির্ধারিত হয়েছে। পুরো প্রক্রিয়া শেষ করে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হবে ২০২৬ সালের ১৪ ফেব্রুয়ারি।
পশ্চিমবঙ্গ ছাড়া এই মুহূর্তে যে সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআর প্রক্রিয়া চলছে, তার মধ্যে রয়েছে গুজরাত, ছত্তীসগঢ়, গোয়া, কেরল, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, লক্ষদ্বীপ, মধ্যপ্রদেশ, পুদুচেরী, রাজস্থান, তামিলনাড়ু এবং উত্তরপ্রদেশ। এই সব জায়গাতেই ৪ নভেম্বর থেকে এসআইআর প্রক্রিয়া শুরু হয়েছিল। বুথ স্তরের আধিকারিকেরা (বিএলও) বাড়ি বাড়ি ঘুরে এনুমারেশন ফর্ম বিলি করেছেন। তা পূরণের পর আবার বাড়ি বাড়ি গিয়ে ফর্ম সংগ্রহ করেছেন।
এই কাজে তাঁদের সাহায্য করেছেন বিভিন্ন দলের বিএলএ বা বুথ স্তরের এজেন্ট। ভোটারদের কাছ থেকে ফর্ম সংগ্রহ করার পর তা কমিশনের নির্দিষ্ট পোর্টালে আপলোড করা বিএলও-দের দায়িত্ব। তাঁদের আপলোড করা তথ্যের ভিত্তিতেই কমিশন খসড়া ভোটার তালিকা প্রস্তুত করবে।