
শেষ আপডেট: 15 July 2023 02:06
দ্য ওয়াল ব্যুরো: ফ্রান্সে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কূটনৈতিক সফরে (Narendra Modi France visit) এবার ভারতীয় সংস্কৃতির ছোঁয়া। সূত্রের খবর, প্রেসিডেন্ট ইমরানুয়াল মাকরঁ (Emmanuel Macron), তাঁর স্ত্রী ব্রিজিট মাকরঁ, প্রধানমন্ত্রী এলিজাবেথ বোর্নে, ফরাসি ন্যাশনাল অ্যাসেম্বলির প্রেসিডেন্ট ইয়ায়েল ব্রাউন পিভেট এবং ফরাসি সেনেটের প্রেসিডেন্ট জেরার লারচারকে এমন কিছু উপহার দিয়েছেন মোদী, যা ভারতীয় শিল্প সংস্কৃতি এবং ঐতিহ্যের প্রমাণ।
প্রেসিডেন্ট মাকরেঁর জন্য ভারতীয় প্রধানমন্ত্রী নিয়ে গিয়েছিলেন বাদ্যযন্ত্র সেতারের একটি রেপ্লিকা, যেটি পুরোপুরি চন্দনকাঠ দিয়ে তৈরি। কাঠ কুঁদে তৈরি সেই ছোট্ট সেতারে খোদাই করা রয়েছে একটি সরস্বতী মূর্তি, যাঁর হাতে ধরা একটি সেতার। এছাড়া ভগবান গণেশ এবং ভারতের জাতীয় পাখি ময়ূরের নকশা খোদাই করা রয়েছে সেটিতে।

ফার্স্ট লেডি ব্রিজিট পেয়েছেন পোচমপল্লী সিল্ক ইক্কত শাড়ি। উজ্জ্বল গোলাপি রঙের সেই শাড়ি রাখা ছিল একটি দুর্দান্ত কারুকার্য খচিত চন্দনকাঠের বাক্সে।

প্রধানমন্ত্রী এলিজাবেথ বোর্নে উপহার হিসেবে পেয়েছেন একটি মার্বেল ইনলে কাজ করা টেবিল। রাজস্থানের মাকরানার শ্বেতশুভ্র মার্বেল পাথরের উপর লাল এবং সবুজ সেমি-প্রেশাস পাথর বিশেষ কায়দায় কেটে খোদাই করা রয়েছে।

ফরাসি ন্যাশনাল অ্যাসেম্বলির প্রেসিডেন্ট ইয়ায়েল ব্রাউন পিভেটকে ভারতের প্রধানমন্ত্রী একটি হাতে বোনা কাশ্মীরি কার্পেট উপহার দিয়েছেন। সূক্ষ্ম কারুকাজ এবং অত্যন্ত নরম বলে কাশ্মীরে তৈরি এই কার্পেটের পরিচিতি জগতজোড়া।

এছাড়া ফরাসি সেনেটের প্রেসিডেন্ট জেরার লারচারকে হাতির মূর্তি উপহার দিয়েছেন নরেন্দ্র মোদী। মূর্তিটি পুরোটাই চন্দনকাঠ হাতে কুঁদে তৈরি করা। হাতি, যাকে শক্তি, প্রজ্ঞা এবং সৌভাগ্যের প্রতীক বলে ধরা হয়, তা আসলে ভারতীয় সংস্কৃতি সৌহার্দ্য এবং শিল্পকলার একটি অন্যন্য নিদর্শন।

বৃহস্পতিবার ২ দিনের কূটনৈতিক সফরে সেদেশে গিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী। শুক্রবার ফ্রান্সের বাস্তিল দিবস উদযাপনে বিশেষ অতিথি হিসেবে যোগ দিয়েছিলেন তিনি। সেখানে শ্রী মোদীকে ফ্রান্সের সর্বোচ্চ বেসামরিক সম্মান 'লেজিয়ঁ দ্য নর'-এ ভূষিত করেছেন প্রেসিডেন্ট মাকরঁ।
মোদীকে ‘লেজিয়ঁ দ্য নর’! ফ্রান্সের যে সর্বোচ্চ সম্মান পেয়েছেন সত্যজিৎ, সৌমিত্র, শাহরুখ