
শেষ আপডেট: 22 September 2019 22:23
রাষ্ট্রপুঞ্জের সাধারণ অধিবেশনে যোগ দিতে আমেরিকায় গিয়েছেন প্রধানমন্ত্রী। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তাঁর এই সফরেই বৈঠক হবে। সেই সঙ্গে মোদী তাঁর স্বকীয় রাজনৈতিক কেতায় এ বার হিউস্টনে অনাবাসী ভারতীয়দের উদ্দেশে বক্তৃতার জন্য সময় দিয়েছিলেন। তাতে যোগ দেওয়ার অঙ্গীকার করেছিলেন ট্রাম্প।
প্রাথমিক ভাবে সে ঘোষণাতেই আন্দাজ করা গিয়েছিল, রবিবার ভারতীয় সময়ের রাত ৯ টার পর টেক্সাসে এক বড় ঘটনা ঘটতে চলেছে। কিন্তু এটা আন্দাজ করা যায়নি, পারস্পরিক কূটনৈতিক সম্পর্কের এক নয়া মাইলফলক বসাতে চলেছেন ট্রাম্প-মোদী। যে মঞ্চে একে অপরকে প্রশংসায় শুধু ভরিয়ে দিলেন না, প্রাতিষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ককে এক নতুন উচ্চতায় পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দিলেন। উপরি পাওনা, তাঁর কবিতাও।
তবে এই প্রথম নয়। বালাকোট হামলার সময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি হুঙ্কার দেন, “মাটি শপথ করে বলছি, আমি দেশকে হারতে দেব না, ঝুঁকতে দেব না।” আসলে নিজের কবিতা থেকেই ভাষণে উদ্ধৃত করেছিলেন মোদি। আরএসএসের প্রচারক থাকাকালে লেখা কবিতা নিয়ে ইতিমধ্যে বইও প্রকাশ হয়েছে তার। ‘সৌগন্ধ মুঝে ইস মিট্টি কি’ তেমনই একটি কবিতা। তাঁর এই কবিতায় আবার সুর বসিয়ে গেয়েওছিলেন সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকর।
শুনুন সেই গানটি।
https://www.youtube.com/watch?time_continue=4&v=TNluTc0OAGg
তবে নিজের দেশে নিজের ভাষায় নিজের লেখা কবিতার লাইন বলে প্রশংসা পাওয়া এক রকম। কিন্তু বিদেশের মাটিতে,অত বড় মঞ্চে নিজের কবিতার লাইন শুনিয়ে আসবেন তিনি, এ জন্য প্রস্তুত ছিলেন না কেউ-ই।
তবে এর অনেক আগে, ২০০৭ সালে যখন মোদী তৃতীয় বারের জন্য গুজরাতের মুখ্যমন্ত্রী হিসেবে নির্বাচিত হন, তখনই তাঁর একটি কবিতার বই ‘আওয়ার আইস আর সো ব্লিসড’ প্রকাশিত হয়েছিল। কবিতা লেখার সেই পুরনো অভ্যাসই আবার ঝালিয়ে নিতে শুরু করেছেন মোদী। আর সেই অভ্যাস কাজে লাগিয়েই নিজের বক্তৃতা আরও বেশি করে মানুষের মনোগ্রাহী করে তুলছেন বলে মনে করছেন অনেকেই।
