শনিবার সকাল থেকেই হাওড়া ময়দান থেকে শুরু করে নবান্ন অভিমুখী প্রায় সব রাস্তাতেই ব্যারিকেড বসানো হয়েছে। সেগুলিকে দেখে মনে হচ্ছে, ভাঙা তো দূরের কথা, নড়ানোও প্রায় অসম্ভব।

চলছে মকড্রিল
শেষ আপডেট: 9 August 2025 11:41
দ্য ওয়াল ব্যুরো: আরজি কর কাণ্ডের (RG Kar Case) এক বছর পূর্ণ হল শনিবার। গত বছরের ৯ অগস্টের সেই নৃশংস ঘটনার এক বছরে মূল অভিযুক্ত সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়ের সাজা হলেও আন্দোলনকারীদের দাবি, আরও অনেকে এই ঘটনার সঙ্গে জড়িত, যারা এখনও খোলা আকাশের নীচে। তাই সম্পূর্ণ ন্যায়বিচারের দাবিতে আজ হতে চলেছে নবান্ন অভিযান (Nabanna Abhijan)। তবে সেই অভিযান রুখতে তৎপর পুলিশ-প্রশাসন (West Bengal Police)।
শনিবার সকাল থেকেই হাওড়া ময়দান থেকে শুরু করে নবান্ন অভিমুখী প্রায় সব রাস্তাতেই ব্যারিকেড বসানো হয়েছে। সেগুলিকে দেখে মনে হচ্ছে, ভাঙা তো দূরের কথা, নড়ানোও প্রায় অসম্ভব। শুক্রবার সাংবাদিক বৈঠক করে রাজ্য পুলিশের তরফে জানান হয়েছে, এই অভিযান করার কোনও অনুমতিই পুলিশের কাছে নেওয়া হয়নি। আর নবান্ন চত্বরে এমনিতেই ১৬৩ ধারা জারি থাকে। তাই কোনও রকম জমায়েত বা অবস্থান করা যাবে না। তবে এও বলা হয়েছে, অহিংস প্রতিবাদ হলে সহযোগিতা থাকবে, নাহলে কড়া ব্যবস্থা।
এরপরই দেখা যায়, নবান্ন অভিযান রুখতে আরও কড়া ব্যবস্থা নিয়েছে পুলিশ। সাঁতরাগাছিতে (Santragachi) সকাল থেকে চলছে মকড্রিল (Mock Drill)। পাশাপাশি হাওড়া ময়দান এলাকায় ড্রোন দিয়ে নজরদারি চালানো হচ্ছে। এছাড়া অভিযান ঘিরে নবান্নতেও বিশেষ নিরাপত্তার বেড়াজাল তৈরি করা হয়েছে, নামানো হয়েছে স্পেশ্যাল ফোর্স। এদিকে, হাওড়া ব্রিজে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।
আরজি কর মেডিক্যাল কলেজের চিকিৎসক ছাত্রী খুনের এক বছর পার, বিচারহীনতার অভিযোগে নবান্ন অভিযানের ডাক দিয়েছে নাগরিক সমাজ ও বিভিন্ন ছাত্র-যুব সংগঠন। নির্যাতিতার পরিবারও এই কর্মসূচিতে অংশ নেওয়ার কথা ঘোষণা করেছেন।
অভিযানকারীদের লক্ষ্য অবশ্য স্পষ্ট - সব বাধা অতিক্রম করে নবান্নের চৌহদ্দি পর্যন্ত পৌঁছনো। কিন্তু এহেন দুর্গম পুলিশি প্রাচীর টপকানো কতটা সম্ভব, তা নিয়েই এখন শুরু হয়েছে আলোচনা।