"এম জে আকবরের মতো ভদ্র মানুষ আর হয় না", সাক্ষী দিলেন মহিলা
দ্য ওয়াল ব্যুরো: বার বার যৌন হেনস্থা, জোর করে যৌন সম্পর্কের অভিযোগ। এর মাঝেই নিজের সমর্থনে একজন মহিলাকে পাশে পেলেন আকবর। তিনি মহিলা সাংবাদিক জয়িতা বাসু। যিনি স্পষ্ট জানালেন- “আকবর আপাদমস্তক ভদ্র মানুষ। আমি ওনার কাছে সাংবাদিকতার অ আ ক খ শিখে
শেষ আপডেট: 12 November 2018 11:11
দ্য ওয়াল ব্যুরো: বার বার যৌন হেনস্থা, জোর করে যৌন সম্পর্কের অভিযোগ। এর মাঝেই নিজের সমর্থনে একজন মহিলাকে পাশে পেলেন আকবর। তিনি মহিলা সাংবাদিক জয়িতা বাসু। যিনি স্পষ্ট জানালেন- “আকবর আপাদমস্তক ভদ্র মানুষ। আমি ওনার কাছে সাংবাদিকতার অ আ ক খ শিখেছি। তিনি কোনওদিনই কোনও মহিলার সঙ্গে অভব্য আচরণ করেননি।”
সাংবাদিক জয়িতা বাসু আকবরের সেই ছয় সাক্ষীর মধ্যে একজন, যাঁদের প্রাক্তন মন্ত্রী তাঁর পক্ষে দাঁড় করিয়েছেন। দিল্লির আদালতে চলছে সাংবাদিক পিয়া রামানির বিরুদ্ধে আকবরের করা মানহানির মামলা। সোমবার সেই মামলায় শুনানিতেই সাক্ষী হিসেবে আকবরের পক্ষে বক্তব্য রাখলেন জয়িতা। জানালেন, “১৯৯৮ সাল থেকে আকবরকে চিনি। আকবরের সঙ্গে দীর্ঘ দিন ধরে কাজ করেছি। তিনি আমার সিনিয়র ছিলেন। কাজের বাইরে কোনওরকম ব্যক্তিগত সম্পর্ক আকবর কর্মীদের সঙ্গে রাখতেন না। মহিলা কর্মীদের যথেষ্ট সম্মান দিতেন।বন্ধুর মতোই মিশতেন আমাদের সঙ্গে।”
টুইটার সিইও-র সঙ্গে রাহুলের বৈঠক, কথা হলো ‘ফেক নিউজ’ নিয়েও
পাশাপাশি, পিয়া রামানিকে টার্গেট করেই জয়িতার দাবি, ব্যক্তিগত শত্রুতার কারণেই আকবরের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ এনেছেন পিয়া। অথবা, এর পিছনে গভীর ষড়যন্ত্র রয়েছে। তা খতিয়ে দেখা প্রয়োজন।
এম জে আকবরের বিরুদ্ধে অভিযোগ মারাত্মক।পিয়া রামানি-সহ মোট ২২ মহিলা সাংবাদিক তাঁর বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ এনেছেন। অবশ্য, সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়ে আকবর পাল্টা মানহানির মামলা দায়ের করেন প্রথম অভিযোগকারিণী সাংবাদিক পিয়া রামানির বিরুদ্ধে। শুধু তাই নয় নিজের পক্ষে ৯৭ জন আইনজীবীকে দাঁড় করিয়েছেন আকবর।
যদিও মানহানির মামলা শুনেও নিজের অভিযোগেই অনড় ছিলেন পিয়া। একটি বিবৃতিতে তিনি স্পষ্ট জানান-লড়াই যতই কঠিন হোক, তিনি লড়তে প্রস্তুত।