
শেষ আপডেট: 29 November 2023 12:06
দ্য ওয়াল ব্যুরো, দক্ষিণ ২৪ পরগনা: ভরদুপুরে প্রকাশ্য রাস্তায় বন্দুকের বাঁট দিয়ে মেরে ব্যবসায়ীর থেকে সাড়ে ১৭ লক্ষ টাকা ছিনিয়ে নিল দুষ্কৃতীরা। টাকার ব্যাগ নিয়ে বাইকে করে ব্যাঙ্কে যাচ্ছিলেন ওই ব্যক্তি। রাস্তায় তাঁর উপর হামলা হয়। এই ঘটনায় শোরগোল পড়ে যায় ভাঙড় থানার এরেন্ডা পিয়াদাপাড়াতে। ভাঙড় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ওই ব্যবসায়ী।
পুলিশ সূত্রে খবর, ভাঙড়ের এরেন্ডা পিয়াদাপাড়ার বাসিন্দা পাতাবুদ্দিন খান একজন নামী ব্যবসায়ী। তিনি বিস্কুট, সার্ফ ছাড়াও বিভিন্ন নামী দামি ব্র্যান্ডের ডিস্ট্রিবিউটর। এদিন সকালে সাড়ে ১৭ লক্ষ টাকা নিয়ে নিজের মোটরবাইকে করে ঘটকপুকুর বাজারে যাচ্ছিলেন একটি ব্যাঙ্কে জমা দিতে। অভিযোগ, এরেন্ডা পিয়াদাপাড়ার ফুটবল মাঠের কাছে দুটি মোটরবাইকে করে ৪-৫ জন দুষ্কৃতী তাঁর পথ আটকে ব্যাগ কেড়ে নেওয়ার চেষ্টা করে। টাকার ব্যাগ ছিনিয়ে নিতে গেলে ওই ব্যবসায়ী বাধা দেন। অভিযোগ সেই সময় বন্দুকের বাঁট দিয়ে তার মুখে আঘাত করে দুষ্কৃতীরা। মুখ দিয়ে রক্ত ঝরতে থাকে। এরপরে আর আটকাতে পারেননি তিনি। দুষ্কৃতীরা টাকা সমেত ব্যাগ ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।
খবর পেয়ে ঘটনাস্থলে আসেন ভাঙড় থানার আইসি সৈয়দ রেজাউল কবীর ও অন্যান্য অফিসাররা। আসেন বারুইপুরের অতিরিক্ত পুলিশ সুপার ইন্দ্রবর্ধন ঝা। ওই ব্যবাসায়ীর সঙ্গে কথা বলেন পুলিশকর্তারা। পরে ওই ব্যবসায়ী ভাঙড় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। দুষ্কৃতীদের খোঁজে জোরদার তল্লাশি শুরু করেছে পুলিশ। তবে এ ব্যাপারে সংবাদমাধ্যমের সামনে কোনও মন্তব্য করতে চায়নি পুলিশ।