
শেষ আপডেট: 29 December 2023 21:19
দ্য ওয়াল ব্যুরো: আগে থেকেই ঠিক ছিল যে শুক্রবার দুপুরের পর তাঁর ডান কাঁধে ছোট একটি অস্ত্রোপচার হবে কলকাতার এসএসকেএম হাসপাতালের উডবার্ন ওয়ার্ডের ওটিতে। হলও তাই। সন্ধেয় হাসপাতালের ডিরেক্টর মণিময় বন্দ্যোপাধ্যায় জানান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডান কাঁধে পুরনো চোট ছিল। সেটির জন্য ছোট একটি অস্ত্রোপচার করা জরুরি ছিল। এদিন সেটিই করা হয়েছে।
মুখ্যমন্ত্রীর কাঁধে যে এদিন ছোট অস্ত্রোপচার হবে তা পূর্ব নির্ধারিত ছিল। কিন্তু ব্যাপারটা এতটাই ছোট বিষয় যে এ নিয়ে খামোখা হইচই হোক তা তিনি চাননি। এদিন দুপুরে এসএসকেএমে ঢোকার সময়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মুখ্যমন্ত্রী বলেন, রুটিন চেক আপে এসেছি। রোজ বিশ হাজার স্টেপ হাঁটছি। সব ঠিকই আছে। একটা এক্স রে করাতে এসেছি।”
তবে অস্ত্রোপচারের পর বিকেলে হাসপাতালের ডিরেক্টর বিষযটি প্রথমে জানান। তারপর মুখ্যমন্ত্রী বলেন, বাঁ পায়ে যখন চোট লেগেছিল তখন ডান কাঁধেও চোট লেগেছিল। সেটিতেই একটা ছোট অস্ত্রোপচারের দরকার ছিল। মুখ্যমন্ত্রী আরও বলেন, “ডাক্তারদের সঙ্গে কথা বলছিলাম, সব খোঁজ খবর নিচ্ছিলাম। তাই একটু সময় লাগল।”
সন্ধে সাড়ে সাতটা নাগাদ এসএসকেএম থেকে বাড়ির উদ্দেশে রওনা দেন মুখ্যমন্ত্রী। সবাইকে নতুন বছরের আগাম শুভেচ্ছাও জানান।
মুখ্যমন্ত্রীর ডান কাঁধে ছোট অস্ত্রোপচার, সন্ধেয় বাড়িও ফিরে গেলেন#MamataBanerjee #SSKM #WestBengal #TheWallBangla pic.twitter.com/MFN6iDTFWT
— The Wall (@TheWallTweets) December 29, 2023
এর আগে পঞ্চায়েত ভোটের সময়ে উত্তরবঙ্গে প্রচার করতে গিয়ে হাঁটুতে ও কোমরে চোট পেয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেই কারণে তাঁর বাম হাঁটুতে একটা ছোট অস্ত্রোপচার করতে হয়। সেই অস্ত্রোপচারের সময়ে কিছুটা ত্রুটি হওয়ার পরে ব্যাথা ফের বাড়ে। হাঁটুতে কিছুটা ফ্লুইডও জমেছিল। পরে তা বের করা হয়।
তবে পুজোর পর থেকে মুখ্যমন্ত্রী স্বাভাবিক চলাফেরা করছেন। সম্প্রতি দিল্লি সফরে গিয়েছিলেন তিনি। জানা গিয়েছে, মুখ্যমন্ত্রীর এদিনের চিকিৎসা তথা অস্ত্রোপচারের ব্যাপারটা খুবই ছোট ছিল। এতে তাঁর চলাফেরায় কোনও সমস্যা হবে না। ৩ তারিখ গঙ্গাসাগর সফরে যাবেন তিনি। সাগরমেলায় আয়োজন কেমন হয়েছে তা সরেজমিনে পর্যবেক্ষণ করবেন মুখ্যমন্ত্রী।