অভিযোগ, ২১ অক্টোবর, মঙ্গলবার ওই নাবালিকা নিজের বাড়িতেই ছিল। আনুমানিক রাত একটা নাগাদ বাড়ির বাইরে বের হয়। প্রায় ঘণ্টা দুয়েক পর সে আবার বাড়ি ফেরে। তাকে দেখে সন্দেহ হয় পরিবারের সদস্যদের।

শেষ আপডেট: 23 October 2025 12:47
দ্য় ওয়াল ব্যুরো, নদিয়া: গভীর রাতে জোর করে মদ খাইয়ে এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠল পলাশিপাড়ার রাধানগরে। অভিযোগের ভিত্তিতে প্রতিবেশী যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
অভিযোগ, ২১ অক্টোবর, মঙ্গলবার ওই নাবালিকা নিজের বাড়িতেই ছিল। আনুমানিক রাত একটা নাগাদ বাড়ির বাইরে বের হয়। প্রায় ঘণ্টা দুয়েক পর সে আবার বাড়ি ফেরে। তাকে দেখে সন্দেহ হয় পরিবারের সদস্যদের। তাঁরা বারবার জানতে চাওয়ায় কেঁদে ফেলে ওই নাবালিকা। জানায়, তার প্রতিবেশী যাকে সে দাদা বলে ডাকতো সেই সৌমেন প্রামাণিক জোর করে মদ্যপান করিয়ে ধর্ষণ করে তাকে।
প্রতিবেশীর বিরুদ্ধে অভিযোগ জানাবেন কিনা তা নিয়ে দ্বিধায় ছিল নাবালিকার পরিবার। অবশেষে পরিবারে তরফে পলাশীপাড়া থানায় অভিযুক্ত সৌমেন প্রামাণিকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করে নির্যাতিতার পরিবার।অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে পুলিশ সৌমেন প্রামাণিককে গ্রেফতার করে। তাকে আদালতে তোলা হয়। পলাশিপাড়া থানার ভারপ্রাপ্ত আধিকারিক সুমিত ঘোষ বলেন, "আমরা অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে পুরো ঘটনার তদন্ত শুরু করি। খবর পাই অভিযুক্ত সৌমেন প্রামাণিক অন্য কোথাও পালানোর চেষ্টা করছে। তার আগেই আমরা একটি টিম গঠন করি এবং সেই টিম গিয়ে অভিযুক্তকে গ্রেফতার করে। ইতিমধ্যেই আমরা অভিযুক্ত সৌমেন প্রামাণিককে আদালতে পেশ করেছি। তার বিরুদ্ধে পকসো আইনে মামলা দায়ের করা হয়েছে।"
বিজেপি নেতা সোমনাথ কর বলেন, "শুধু পলাশীপাড়ার ঘটনা নয় তৃণমূলের রাজত্বে গোটা রাজ্যজুড়ে মহিলারা সুরক্ষিত নয়। যেখানে মমতা ব্যানার্জি বলছেন রাত হলে মহিলারা যেন বাইরে না বের হয়। সেই রাজ্যে মহিলারা কত নিরাপত্তায় আছে তা স্পষ্ট হয়ে গেছে।"