সূর্যের পরিবারের দাবি, ওই ছাত্রী ও তার পরিবারের পক্ষ থেকেই ছেলেকে মানসিকভাবে চূড়ান্তভাবে নির্যাতন করা হয়।

প্রতীকী ছবি
শেষ আপডেট: 26 July 2025 17:58
দ্য ওয়াল ব্যুরো: পূর্ব মেদিনীপুরের (Purba Medinipur) কাঁথি মহকুমার পিছাবণি এলাকায় এক নবম শ্রেণির ছাত্রের আত্মহত্যার (Death) ঘটনা মনে করিয়ে দিল পাঁশকুড়ার সেই ‘চিপস-কাণ্ড’-কে। কারণ পরিবারের অভিযোগ, স্কুলের এক ছাত্রীকে কটূক্তির মিথ্যে অপবাদে মানসিক নির্যাতনের শিকার হয়েছিল সে।
মৃত ছাত্রের নাম সূর্য মান্না (১৫)। মৃত্যুর আগে লেখা সুইসাইড নোটে সে জানিয়েছে, “আমি মেয়েটিকে চিনি না, আমি কোনও ভুল করিনি।” সূর্যর বিরুদ্ধে এক অষ্টম শ্রেণির ছাত্রীকে উত্যক্ত করার অভিযোগ ওঠে। সেই সূত্রে পিছাবণি বাজারে স্থানীয় কিছু ব্যক্তি তাঁকে আটক করে মারধর ও প্রকাশ্যে অপমান করে বলে অভিযোগ। প্রত্যক্ষদর্শী ছিলেন সূর্যের বাবা-মাও। সেই রাতেই পরিবারকে নিজের মনের কথা জানায় সে। আর পরদিন সকালে নিজ ঘরে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হয় কিশোর।

সূর্যের পরিবারের দাবি, ওই ছাত্রী ও তার পরিবারের পক্ষ থেকেই ছেলেকে মানসিকভাবে চূড়ান্তভাবে নির্যাতন করা হয়। এমনকী, ঘটনাচক্রে স্কুলের মধ্যেই গুজব ছড়িয়ে দেওয়ার চেষ্টা হয়েছিল। পুলিশের তরফে জানানো হয়েছে, একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে। যদিও এখনও পর্যন্ত পরিবার আলাদা করে কোনও লিখিত অভিযোগ দায়ের করেনি। তবে অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেই জানিয়েছেন মহকুমা পুলিশ আধিকারিক দিবাকর দাস।
এই মর্মান্তিক ঘটনা মনে করিয়ে দিচ্ছে পাঁশকুড়ার সেই ‘চিপস-কাণ্ড’-কে, যেখানে এক সপ্তম শ্রেণির ছাত্রকে চুরির অপবাদে হেনস্থা করে আত্মহত্যায় বাধ্য করা হয়েছিল। পিছাবণির ঘটনায়ও প্রশ্ন উঠছে, নাবালকদের ঘিরে বারবার এমন ঘটনার পুনরাবৃত্তি কতটা সামাজিক দায়বদ্ধতার ব্যর্থতা তুলে ধরছে।