
শেষ আপডেট: 7 January 2024 07:13
দ্য ওয়াল ব্যুরো: হাসপাতালে ভর্তি হলেন রাজ্যের ক্ষুদ্র মাঝারি ও কুটিরশিল্প এবং প্রাণী সম্পদ বিকাশ মন্ত্রী স্বপন দেবনাথ। নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছেন তিনি। শনিবার রাতে তাঁকে শহরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পরিবার সূত্রে খবর, শনিবার পূর্বস্থলীর বাড়িতে থাকাকালীন আচমকাই মন্ত্রীর শরীর খারাপ হতে থাকে। রাতের দিকে বাড়াবাড়ি হতে শুরু করলে তাঁকে কলকাতায় আনা হয়। এরপরই তড়িঘড়ি দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। আপাতত মন্ত্রীর অবস্থা স্থিতিশীল। তবে আগামী কয়েকদিন তাঁকে হাসপাতালে পর্যবেক্ষণে রাখা হবে বলে জানা গিয়েছে।
প্রসঙ্গত, ২০০০ সালে কোভিড অতিমারির চলাকালীন শারীরিক সমস্যার কারণে হাসপাতালে ভর্তি হয়েছিলেন মন্ত্রী। সেসময় তিনি শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছিলেন। বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি করানোর পর কোভিড পজিটিভ ধরা পড়েন স্বপন। পরে অবশ্য করোনার জটিলতা কাটিয়ে ওঠেন তিনি। সেসময় কোভিড সংক্রমণ রুখতে বিভিন্ন জেলায় প্রচারে নেমেছিলেন মন্ত্রী।
গত বছর জানুয়ারি মাসে আচমকা স্বপনের বুকে ব্যথা শুরু হয়েছিল। সেসময় দক্ষিণ কলকাতার বেসরকারি হাসপাতালে তাঁর বুকে পেসমেকার বসে। এছাড়াও তাঁর একাধিক শারীরিক জটিলতা রয়েছে। আপাতত আগামী কয়েকদিন মন্ত্রীকে চিকিৎসকদের পর্যবেক্ষণে হাসপাতালে থাকতে হবে।