.webp)
শেষ আপডেট: 30 June 2024 20:55
দ্য ওয়াল ব্যুরো: ব্লক উন্নয়ন আধিকারিককে (বিডিও) সঙ্গে নিয়ে ভাঙন কবলিত এলাকায় গিয়ে গ্রামবাসীদের ক্ষোভের মুখে পড়লেন রাজ্যের ক্ষুদ্র ও কুটির শিল্প দফতরের প্রতিমন্ত্রী তথা হরিশ্চন্দ্রপুরের বিধায়ক তাজমুল হোসেন।
পরিস্থিতি এতটাই ভয়ঙ্কর হয়ে ওঠে যে, গ্রামবাসীদের তাড়া খেয়ে পিছু হঠতে হয় মন্ত্রী-বিডিওকে। কোনওমতে নৌকোয় উঠে মারমুখী জনতার হাত থেকে নিজেদের রক্ষা করেন তাঁরা। রবিবার দুপুরে মালদহের হরিশ্চন্দ্রপুর ২ ব্লকের ইসলামপুর গ্রাম পঞ্চায়েতের রশিদপুর গ্রামের ঘটনা।
বছরের পর বছর গঙ্গার ভাঙনে আগে থেকেই তেতেছিল এলাকা। মন্ত্রী-বিডিওকে দেখতে পেয়ে ক্ষোভের জ্বালামুখ খুলে দেন গ্রামবাসীরা। তাঁদের অভিযোগ, বছর বছর নদী ভাঙন হচ্ছে। জমি, ঘরবাড়ি সব চলে যাচ্ছে নদী গর্ভে। অথচ ভাঙন রোধে প্রশাসনিক কোনও উদ্যোগ নেই।
তা বলে মন্ত্রীকে ঘিরে বিক্ষোভ? গ্রা্মবাসীদের অভিযোগ, “গতবারও নদী ভাঙনের পর তাজমুল হোসেন এলাকায় এসেছিলেন। প্রতিশ্রুতি দিয়েছিলেন ভাঙন রোধে প্রয়োজনীয় পদক্ষেপের। কিন্তু তারপর আর দেখা যায়নি।”
পরিস্থিতির জন্য বিজেপির স্থানীয় সাংসদ খগেন মুর্মুর ঘাড়ে দায় ঠেলেছেল মন্ত্রী তাজমুল। মন্ত্রীর কথায়, “সাংসদ হিসেবে এই এলাকার জন্য কোনও কাজ করেননি খগেনবাবু। গ্রামবাসীদের উচিত ছিল ওকে ঘিরে বিক্ষোভ দেখানো।”
মন্ত্রীর অভিযোগ উড়িয়ে বিজেপি সাংসদ খগেন মুর্মু বলেন, “মালদহে নদী ভাঙন নতুন কোনও ঘটনা নেই। ১৩ বছর রাজ্যের ক্ষমতায় থাকলেও এ ব্যাপারে রাজ্য সরকার কোনও উদ্যোগ নেয়নি।” একই সঙ্গে তাঁর দাবি, “এলাকায় বিদ্যুতের ব্যবস্থা পর্যন্ত ছিল না। সেটাও সাংসদ হিসেবে জেতার পর আমি করেছি।”