
শেষ আপডেট: 21 December 2023 14:17
দ্য ওয়াল ব্যুরো: মন্ত্রী ঢুকতেই সভাস্থল ছাড়লেন দলের একাংশ কর্মী। ঘটনার জেরে শোরগোল উত্তর ২৪ পরগনার বসিরহাটে।
লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে বৃহস্পতিবার বসিরহাটের টাউন হলে তৃণমূলের কোর কমিটির মিটিং হচ্ছিল। রাজ্যের দুই মন্ত্রী সুজিত বসু ও পার্থ ভৌমিক সেখানে পৌঁছতেই সভাস্থল ছেড়ে বেরিয়ে যান হাড়োয়া ব্লকের তৃণমূলের সভাপতি, পঞ্চায়েত সমিতির সভাপতি, প্রধান সহ প্রায় ২৫ জন।
দলীয় সূত্রের খবর, মঞ্চে হাড়োয়া ব্লকের কোনও নেতৃত্বকে ডাকা হয়নি বলে অভিযোগ। তাঁদেরকে মঞ্চের নীচে বসতে দেওয়া হয়েছিল। তারই জেরে অপমানিত বোধ করে সভা ছাড়েন হাড়োয়া ব্লকের তৃণমূলের সভাপতি সহ অন্যরা। বিষয়টি পৌঁছয় মন্ত্রীদের কানেও। এরপরই বিক্ষুদ্ধদের সঙ্গে কথা বলেন দুই মন্ত্রী। তাঁদের মধ্যে পাঁচজনকে পরে নিজের দফতরে ডেকে পাঠান দমকল মন্ত্রী সুজিত বসু।
দলের স্থানীয় সূত্রের খবর, মঞ্চে উপস্থিত ছিলেন মিনাখার বিধায়ক ও ব্লক সভাপতি। মিনাখার সঙ্গে হাড়ায়ো ব্লকের দ্বন্দ্ব দীর্ঘদিনের। তারই বর্হিপ্রকাশ এদিনের মঞ্চে হয়েছে বলে জানা গেছে। বিক্ষুব্ধরা এ ব্যাপারে সরাসরি সংবাদমাধ্যমের ক্যামেরার সামনে মুখ খুলতে চাননি। তবে একান্ত আলাপচারিতায় তাঁরা জানিয়েছেন, “দলের মিটিং ছিল। অথচ ব্লকের কাউকে মঞ্চেই ডাকা হল না। ইচ্ছাকৃতভাবে অপমান করার জন্য এমনটা করা হয়েছে। তাই দলের মন্ত্রীরা ঢোকার পর তাঁদের দৃষ্টি আকর্ষণ করেই সভাস্থল ছাড়ি।”
গোটা ঘটনায় দলের কোন্দল ফের সামনে এল বলেই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। যদিও এ ব্যাপারে মিটিংয়ে শেষে দমকলমন্ত্রী সুজিত বসু ও সেচ মন্ত্রী পার্থ ভৌমিক বলেন, “দল বড় হয়েছে। সেখানে মান অভিমান থাকতেই পারে। আমরা সকলে এক জায়গায় বসে আবার সব ঠিক করে নেব।” এ ব্যাপারে তৃণমূলের মিনাখা ব্লক নেতৃত্বর অবশ্য কোনও প্রতিক্রিয়া জানা যায়নি।