
পুলিশের সাংবাদিক বৈঠক
শেষ আপডেট: 1 February 2025 19:09
অভিজিৎ মান্না, কাঁথি (পূর্ব মেদিনীপুর)
খুব অল্প দামে ভালো কন্ডিশনের বাইক বিক্রি করছে সৈকত সামন্ত। এক থেকে দেড় লাখ টাকার বাইক বিক্রি করছে ১০ থেকে ১৫ হাজার টাকায়। এটা কানে আসার পরেই পুলিশের মনে সন্দেহ দানা বাঁধে। তদন্তে নেমে রহস্যভেদ করতে সময় লাগেনি। বাইক চুরির দুটি পৃথক মামলার তদন্তে নেমে প্রায় ৩০ টি বাইক উদ্ধার করে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ। ইতিমধ্যে কাঁথি আদালতের নির্দেশে প্রায় ১৭ টি বাইক প্রকৃত মালিকদের হাতে তুলে দেওয়া হল।
রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে চুরি যাওয়া একাধিক মোটরসাইকেল অভিনব কায়দায় উদ্ধারের পর মালিকদের হাতে ফেরত দিল পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ। বাইক ফেরত পেয়ে খুশি মালিকরা।
কাঁথি মহকুমা পুলিশ আধিকারিক দিবাকর দাস জানান, জেলার বিভিন্ন প্রান্ত থেকে ক্রমাগত বাইক চুরি যাচ্ছিল। পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের কপালে তাই নিয়ে চিন্তার ভাঁজ পড়ে। তল্লাশি চালাতে গিয়ে কাঁথি থানার পুলিশ হদিশ পায় এক যুবকের। নাম সৈকত সামন্ত। জানতে পারে খুব কম দামে বাইক বিক্রি করছে সৈকত। এর থেকে পুলিশের সন্দেহ দানা বাঁধে। ক্রেতা সেজে ওই যুবককে ফোন করে। একটি ভালো কন্ডিশনের বাইক কেনার ইচ্ছে আছে বলে জানায়। এরপরেই ওই যুবক হোয়াটসঅ্যাপে একটি বাইকের ছবি দেখায়। সেটি পছন্দ হয়নি বলে জানান ওই পুলিশ কর্মী।
এরপর তাঁকে আরেকটি মোটরবাইকের ছবি হোয়াটসঅ্যাপ করে দুষ্কৃতীরা। এটি পছন্দ হয়েছে জানিয়ে ফাঁদ পাতে পুলিশ। গভীর রাতের দিকে রামনগরের একটি নির্জন জায়গায় বাইক ডেলিভারি দিতে আসে চোর। ক্রেতা সেজে পুলিশ কর্মী একাই যান বাইক নিতে। কিন্তু দূর থেকে ওই জায়গাটিকে ঘিরে ফেলে পুলিশ। বাইক নিয়ে ওই দুষ্কৃতী আসা মাত্রই তাকে হাতেনাতে ধরে ফেলে। তাকে জেরায় উঠে আসে একাধিক বাইক চুরির ঘটনা।
ধৃত সৈকত সামন্তকে জেরা করে রামনগরের কালিন্দী এলাকা থেকে প্রসেনজিৎ জানা নামের আরও এক চোরকে গ্রেফতার করে পুলিশ। দুজনকে জেরা করে একে একে অন্যদেরও হদিশ পায় পুলিশ। পুলিশ জানিয়েছে, সৈকতের আদি বাড়ি খানাকুল। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে চুরি যাওয়া বাইক নিয়ে এসে রামনগরের ঠিকরা মোড়ে শ্বশুর বাড়ি থেকে ব্যবসা চালাতো। বাইক চুরির দুটি পৃথক মামলার সংযোগে প্রায় ৩০ টি বাইক উদ্ধার করেছে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ। বাইকগুলি খানাকুল, হুগলি,আরামবাগ, দক্ষিণ ২৪ পরগনা ,পশ্চিম মেদিনীপুর ,পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া,ময়না, নন্দকুমার মহিষাদল সহ বিভিন্ন এলাকা থেকে উদ্ধার হয়েছে। আদালতের নির্দেশ পেলে বাকি বাইকগুলো ফেরত করা হবে মালিকদের হাতে।