
শেষ আপডেট: 16 November 2024 16:56
কাজল বসাক, নদিয়া
জমি নিয়ে মসজিদ ও গ্রাম কমিটির সঙ্গে বিবাদ। তার জেরে এক ঘরে করে দেওয়ার অভিযোগ উঠল। এই ঘটনা চরম অসুবিধায় পড়েছে এক পরিবার। মসজিদ সেক্রেটারি ও পঞ্চায়েত মেম্বারের বিরুদ্ধে ব্যবস্থা নিতে থানা ও বিডিওর কাছে লিখিত অভিযোগ দায়ের করেছে ওই পরিবার।
হরিণঘাটা থানা এলাকায় রিরহী ১ নম্বর পঞ্চায়েতের পাঁচপোতায় বাড়ি আবুল হাসান মণ্ডলের। সেখানেই তাঁর ৩৫ শতক জমি রয়েছে। তাঁর দাবি, এই জমি তাঁদের পৈতৃক সম্পত্তি। সেবিষয়ে তাঁদের কাছে কাগজপত্রও রয়েছে।
আবুল হাসান মণ্ডলের অভিযোগ, ওই ৩৫ শতক জমি দখল নেওয়ার জন্য রেকর্ড পরিবর্তন করে ফেলেন পাঁচপোতা পীরস্থান উন্নয়ন কমিটির সম্পাদক। তাঁকে বলে মদত দেন গ্রাম পঞ্চায়েত সদস্য কুতুবউদ্দিন মণ্ডল। এই নিয়ে আবুল হাসানের সঙ্গে বিবাদ শুরু হয়। বর্তমানে মামলাও চলছে।
আবুল হাসানের দাবি তিনি কয়েকদিন আগে ওই জমি থেকে রাস্তা বের করতে গেছিলেন। সেই সময়ে মসজিদ কমিটির সম্পাদক আল্লারাখা মণ্ডল এবং পঞ্চায়েত মেম্বার কুতুব উদ্দিন মণ্ডল তাদেরকে একঘরে করে দেওয়ার নিদান দেন। এরপরে থেকে সমস্যায় পড়েছেন গোটা পরিবার। গ্রামের কেউ তাঁদের সাহায্যে এগিয়ে আসতে পারছেন না। তাঁদের বাড়িতে জল দেওয়া বন্ধ হয়ে গেছে। দোকান থেকে জিনিস কিনতে গেলে সেখান থেকে তাঁদের ফিরিয়ে দেওয়া হচ্ছে। এমনকী ছেলে-মেয়েরা স্কুলেও যেতে পারছে না। ইতিমধ্যেই গ্রামের তিন মাতব্বর কুতুব উদ্দিন মণ্ডল, আল্লারাখা মণ্ডল ,আব্দুল মণ্ডল সহ আরও অনেকের বিরুদ্ধে থানা এবং হরিণঘাটা বিডিও অফিসে লিখিত অভিযোগ দায়ের করেছেন আবুল।
নালিশ পাওয়ার পরে হরিণঘাটা থানা থেকে গ্রামবাসীদের বোঝানো হলেও কোন ফল হয়নি বলে দাবি আবুলের। যদিও হরিণঘাটা বিডিও মহাশ্বেতা বিশ্বাস তিনি জানিয়েছেন, একটা অভিযোগ পেয়েছি অফিসারকে পাঠানো হয়েছিল। দুপক্ষকে ডেকে সমস্যা মেটানোর ব্যবস্থা করা হবে।
যাদের বিরুদ্ধে অভিযোগ সেই কুতুবউদ্দিন ও আল্লারাখা মণ্ডলের দাবি, তাঁরা কাউকেই এক ঘরে করে রাখেননি। সম্পত্তি নিয়ে বিবাদ চলছে। তাঁদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করেছেন আবুল।