
দাসপুরে গ্রেফতার ক্লাস ইলেভেনের ছাত্র
শেষ আপডেট: 19 June 2024 17:27
দ্য ওয়াল ব্যুরো, পশ্চিম মেদিনীপুর: ক্লাস ইলেভেনে পড়া ১৭ বছরের এক নাবালক। তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে কখনও গৃহস্থ বাড়ির বাথরুমে, কখনও স্কুলের বাথরুমে, মোবাইল বা গোপন ক্যামেরা লাগিয়ে মহিলাদের নগ্ন ভিডিও তোলার। বুধবার ওই কিশোরকে পুলিশের হাতে তুলে দিলেন গ্রামের বাসিন্দারা।
গ্রামবাসীদের দাবি, যথেষ্ট তথ্য প্রমাণ-সহ ওই কিশোরকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। অভিযুক্ত কিশোর তার কুকীর্তির কথা স্বীকারও করেছে। ওই ছাত্রের কাছ থেকে দু'টি মেমোরি কার্ড মেলে। উদ্ধার হয় এলাকারই একাধিক মহিলার নগ্ন ছবি।
দাসপুর থানার জোতঘনশ্যাম গ্রামের বাসিন্দা ওই কিশোর। গ্রামবাসীদের অভিযোগ, ১৭ বছরের ওই নাবালক বহুদিন ধরে গ্রামের বধূ ও স্কুল ছাত্রীদের গোপন ভিডিও বানিয়ে বিভিন্ন ওয়েবসাইটে আপলোড করত। ওই কিশোর জোতঘনশ্যাম নীলমণি উচ্চ বিদ্যালয়ের একাদশ শ্রেণির ছাত্র। গত ১৭ জুন সোমবার গ্রামবাসীরা ওই কিশোরের এক বন্ধু মারফত জানতে পারে স্কুলে মহিলাদের বাথরুমে স্পাই ক্যামেরা লাগিয়েছে ওই ছাত্র।
তখনই জানা যায় গ্রামের একাধিক মহিলার স্নান করার ভিডিও রেকর্ড করে সেগুলি বিভিন্ন সোশ্যাল সাইটে ভাইরাল করেছে সে। ঘটনা জানাজানি হতেই ওই নাবালককে বাড়ি থেকে তুলে আনে গ্রামের মানুষ। তার কাছ থেকে দুটি ফোন মেমোরি কার্ড উদ্ধার হয়। এতে আড়াইশোর বেশি অশ্লীল ভিডিও রয়েছে বলে গ্রামবাসীদের অভিযোগ । এরপরেই কিশোরকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। শোরগোল পড়ে গোটা এলাকায়।