
শেষ আপডেট: 13 December 2023 11:50
দ্য ওয়াল ব্যুরো, হুগলি: সিমেন্টের বস্তার আড়ালে গাঁজা পাচার। ডানকুনিতে দু’জনকে গ্রেফতার করল সিআইডি। উদ্ধার হয়েছে দেড়শো কেজি গাঁজা। ধৃতদের নাম নেহুল মন্ডল ও মইনুল বিশ্বাস।
পুলিশসূত্রে খবর, সিমেন্টের লরিতে গাঁজা পাচার হচ্ছে, সূত্র মারফত এই খবর পেয়ে সিআইডি দুটি লরিকে চিহ্নিত করে। ডানকুনি-দিল্লি রোড দিয়ে যাওয়ার সময় মাদার ডেয়ারির কাছে হিমালয় ভবনের সামনে লরিটিকে আটকায় সিআইডি। প্রথম লরিটিতে সিমেন্ট ছিল। দ্বিতীয়টিতে বস্তায় ভরা ছিল গাঁজা। সিমেন্ট পাঠানোর নাম করেই ওই গাঁজা পাচার হচ্ছিল।
ডানকুনি থানার পুলিশের সাহায্য নিয়ে লরি থামিয়ে গাঁজা আটক করেন সিআইডির আধিকারিকরা। দাঁড়িপাল্লায় ওজন করে গাঁজা সিজ করা হয়। ওড়িশা থেকে নদিয়ার দিকে নিয়ে যাওয়া হচ্ছিল গাঁজা। ধৃতদের ডানকুনি থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করেন সিআইডি আধিকারিকরা। এর পিছনে আন্তঃরাজ্য গাঁজা পাচার চক্র রয়েছে বলে মনে করছেন তদন্তকারীরা।
ধৃত নেহুল ও মইনুলকে বুধবার শ্রীরামপুর আদালতে তোলা হচ্ছে। ধৃতদের জেরা করে চক্রের অন্যদের খোঁজ পেতে চাইছে পুলিশ। তাই তাদের হেফাজতে চেয়ে আদালতে আবেদন জানানো হবে।