
নিজস্ব চিত্র।
শেষ আপডেট: 1 May 2025 10:20
দ্য ওয়াল ব্যুরো: বড়বাজারের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের (Kolkata Massive Fire) জেরে মৃতর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪। কীভাবে অগ্নিকাণ্ড তা খতিয়ে দেখতে ইতিমধ্যে স্পেশাল তদন্তকারী দল (SIT) গঠন করেছে রাজ্য। তবে ঘটনার পর থেকেই পলাতক বড়বাজারের মেছুয়া বাজারের ঋতুরাজ হোটেলের দুই মালিক। সম্পর্কে তাঁরা দুই ভাই।
অভিযুক্ত দুই হোটেল মালিকের খোঁজে এদিন তাঁদের বাড়িতেও হানা দেয় পুলিশের বিশেষ তদন্তকারী দল। তবে সন্ধে পর্যন্ত দুই ভাইয়ের কারওরই খোঁজ মেলেনি। পুলিশ জানিয়েছে, ঘটনার পর থেকেই হোটেলের দুই মালিক আকাশ ও অতুল চাওলা পলাতক। তবে পরিবারের দাবি, তাঁরা চাইছেন, এভাবে পালিয়ে না বেরিয়ে পুলিশের কাছে ধরা দিক দুই ভাই।
পুলিশ সূত্রে জানা গেছে, আকাশ ও অতুল দুজনে হাওড়ার গোলাবাড়ি থানার অন্তর্গত সাবার্বান পার্ক রোড এলাকার বাসিন্দা ।লক্ষ্মী নারায়ণ এপার্টমেন্টে থাকেন। তাদের সন্ধানে লালবাজার পুলিশের বিশেষ টিম এদিন ওই অ্যাপার্টমেন্টে যায়। তবে তাদের খোঁজ মেলেনি। তবে অভিযুক্ত হোটেল মালিক দুই ভাইয়ের কাকা বি এস চাওলা এদিন পুলিশকে জানান, ওরা বছর খানেক আগেই অন্যত্র উঠে গিয়েছে। ঘটনার পর থেকে বহুবার তাঁদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও যোগাযোগ করা যায়নি।
পরে সংবাদমাধ্যমকে তিনি বলেন, যেভাবে হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এবং তাতে ১৫টি প্রাণ বলি হয়েছে তা খুবই মর্মান্তিক। আমরা চাই ওরা দুই ভাই পুলিশের কাছে আত্ম সমর্পণ করুক। তারপর আইনি পথে নিশ্চয়ই সমস্যার সমাধান হবে।
পুলিশ সূত্রের খবর, অভিযুক্তদের খোঁজে বিভিন্ন জায়গায় তল্লাশি চালানো হচ্ছে। অভিযুক্তরা বেশিদিন আত্মগোপন করে থাকতে পারবেন না। ইতিমধ্যে প্রয়োজনীয় সব জায়গাতেই দুই ভাইয়ের বিষয়ে তথ্যও পাঠানো হয়েছে বলে পুলিশ সূত্রের খবর।
এদিকে বড় বাজারের ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ফের অগ্নি নির্বাপণ ব্যবস্থা নিয়ে উঠছে প্রশ্ন। সংশ্লিষ্ট হোটেলের একাধিক অব্যবস্থা ইতিমধ্যে সামনে এসেছে। এ ব্যাপারে পুঙ্খানুপুঙ্খ তদন্তের জন্য এদিনই কলকাতার পুর কমিশনারের নেতৃত্বে ১৩ সদস্যের কমিটি গড়েছে রাজ্য। পুরসভার পাশাপাশি কমিটিতে রাখা হয়েছে দমকল এবং পুলিশের আধিকারিকদের।