
ঢাকুরিয়ার স্টেশন লাগোয়া বস্তিতে আগুন, প্রতীকী ছবি
শেষ আপডেট: 27 March 2024 14:56
দ্য ওয়াল ব্যুরো: ঢাকুরিয়ায় রেল লাইনের ধারে ভয়াবহ অগ্নিকাণ্ড। পুড়ে ছাই হয়ে গেল ১৫-২০ টি ঝুপড়ি। আগুনের ফলে প্রায় সর্বস্ব খুইয়ে নিঃস্ব হয়ে পড়েছেন ঝুপড়ির বাসিন্দারা। স্থানীয়দের অভিযোগ, খবর দেওয়ার প্রায় দেড় থেকে দু’ঘণ্টা পর দমকল ঘটনাস্থলে এসে পৌঁছয়।
বুধবার দুপুর ১২ টা নাগাদ যাদবপুর এবং ঢাকুরিয়া রেললাইনের মাঝের ঝুপড়িতে আগুন লাগে। নিমেষের মধ্যে আগুনের লেলিহান শিখা গ্রাস করে একের পর এক ঝুপড়ি। ঘর থেকে কোনও ক্রমে বেরিয়ে আসেন স্থানীয়রা। আতঙ্কিত হয়ে পড়েন ঝুপড়িবাসী।
স্থানীয়দের দাবি, আগুন লাগার পর তাঁরা বিকট শব্দ শুনতে পান। তখনই ঘর থেকে বেরিয়ে আসেন। খবর দেওয়া হয় দমকলে। প্রাথমিকভাবে দমকলের ৪-৫টি ইঞ্জিন এসে পৌঁছয়। পরে আগুন ঘনবসতিপূর্ণ এলাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়তে থাকলে আরও ইঞ্জিন আসতে থাকে। প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
এদিকে একেবারে রেললাইন লাগোয়া ঝুপড়ি হওয়ায় আগুন লাগার পর শিয়ালদহ দক্ষিণ শাখায় ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। আপ ও ডাউন লাইনে একের পর ট্রেন দাঁড়িয়ে পড়তে থাকে। ভোগান্তি পোহাতে হয় ট্রেন যাত্রীদেরও। একইসঙ্গে ট্রেন দাঁড়িয়ে থাকায় দমকল বাহিনীর আগুন নেভাতে বেগ পেতে হয়। ঘটনাটিতে কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। তবে ঝুপড়িবাসীর বহু সামগ্রী পুড়ে ছাই হয়ে গিয়েছে।
পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানিয়েছেন, ট্রেন লাইনে বহু মানুষ জড়ো হওয়ার কারণে শিয়ালদহ দক্ষিণ শাখার ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে। পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে এলে ট্রেন চলাচল স্বাভাবিক হবে বলে রেলের তরফে জানানো হয়েছে।