দ্য ওয়াল ব্যুরো: ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটনা ঘটল সুরাতের ওয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন তথা ওএনজিসি-র প্ল্যান্টে। বৃহস্পতিবার ভোর তিনটে নাগাদ পরপর তিনটি বিস্ফোরণে কেঁপে ওঠে এলাকা। তারপরই দাউদাউ করে আগুন জ্বলে ওঠে। ঘটনাস্থলে পৌঁছয় দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন। আগুন নিয়ন্ত্রণে বলে জানিয়েছে ওএনজিসি কর্তৃপক্ষ। এই ঘটনায় হতাহতের কোনও খবর নেই।
কী কারণে বিস্ফোরণ তা এখনও স্পষ্ট নয়। তবে প্রাথমিক ভাবে জানা যাচ্ছে মুম্বই-উড়ান পাইপলাইনে এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আগুন লাগার ফলে ওএনজিসির এই প্ল্যান্টের সমস্ত টানেলে কাজ বন্ধ করে দেওয়া হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে ১০কিলোমিটার দূরের এলাকা থেকেও শব্দ শোনা গিয়েছে। সংবাদসংস্থা এএনআই জানাচ্ছে, ভোর তিনটে থেকে তিনটে বেজে পাঁচ মিনিটের মধ্যে তিনটি বিস্ফোরণ ঘটে।
সুরাতের জেলা প্রশাসন ও পুলিশ কর্তারা ঘটনার খবর পেয়েই চলে যান ওএনজিসি প্ল্যান্টে। প্রশাসনের তরফে বলা হয়েছে, কী কারণে বিস্ফোরণ ঘটেছে তা খতিয়ে দেখা হবে। তবে বৃহস্পতিবার দুপুরের পর থেকে সুরাতের ওএনজিসি প্ল্যান্টে আংশিক ভাবে কাজ শুরু হবে বলে জানিয়েছে প্রশাসন।
সকাল ন'টা পর্যন্ত খবর, আগুন নিয়ন্ত্রণে এলেও তা সম্পূর্ণ নেভানো সম্ভব হয়নি। এখন সেই কাজই করছে দমকলের সাতটি ইঞ্জিন।