1.png)
প্রতীকী ছবি
শেষ আপডেট: 29 April 2025 23:09
দ্য ওয়াল ব্যুরো: বড়বাজারের মেছুয়া ফলপট্টিতে ছয়তলা ঋতুরাজ হোটেলে বিধ্বংসী অগ্নিকাণ্ডে চাঞ্চল্য ছড়াল। কলকাতার জোড়াসাঁকো থানার অন্তর্গত ৪১ নম্বর ওয়ার্ডে অবস্থিত এই হোটেলে সন্ধ্যা সাড়ে সাতটা থেকে আটটার মধ্যে হঠাৎ আগুন লেগে যায় বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে।
আচমকা আগুনে হোটেলের ভিতরে আটকে পড়েন বহু আবাসিক। আতঙ্কিত মানুষজন মোবাইলের ফ্ল্যাশলাইট জ্বেলে জানলার পাশে দাঁড়িয়ে নিজেদের উপস্থিতি জানান দেওয়ার চেষ্টা করতে থাকেন, যাতে দ্রুত তাঁদের উদ্ধার করা যায়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের একাধিক ইঞ্জিন। জানা গিয়েছে, উদ্ধারকাজে হাত লাগান স্থানীয় বাসিন্দারা। ডিজাস্টার ম্যানেজমেন্টের কয়েকজন এবং দমকলের কয়েকজন কর্মী হোটেলের ভেতরে ঢুকতে পেরেছেন।
প্রাথমিকভাবে মই ব্যবহার করে তিনতলা পর্যন্ত উঠে উদ্ধারকাজ শুরু করেন দমকলকর্মীরা। হোটেলের বিভিন্ন দিক থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। তবে দমকল সূত্রে অনুমান, দোতলা থেকেই আগুনের উৎস। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনায় এখনও পর্যন্ত একজনের মৃত্যু হয়েছে। মৃতের নাম সঞ্জয় পাসওয়ান (৪০)।
তাঁকে কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। আরও একজন সেখানেই চিকিৎসাধীন। তবে এখন আগুন একেবারেই নিয়ন্ত্রনে আনা সম্ভব হয়েছে। ঘটনাস্থলে পৌঁছিয়েছেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম।
এদিকে স্থানীয় বাসিন্দাদের দাবি, হোটেলের দোতলায় রান্নার জায়গা থেকেই আগুনের সূত্রপাত। মুহূর্তের মধ্যে সেখান থেকে আগুন ছড়িয়ে পড়ে উপরতলার দিকে। এখনও দোতলার সেই অংশ থেকে গলগল করে বেরোচ্ছে আগুন ও ধোঁয়া। ঘিঞ্জি এলাকায় চারপাশে দোকানপাট ও ঘরবাড়ি থাকায় পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠতে পারে বলে আশঙ্কা স্থানীয়দের।