
শেষ আপডেট: 6 November 2022 12:45
দ্য ওয়াল ব্যুরো: টুইটারের মালিকানা হাতে পাওয়ার সঙ্গে সঙ্গে সংস্থার প্রায় সাড়ে ৭ হাজার কর্মীকে চাকরি থেকে বরখাস্ত করেছেন ধনকুবের ব্যবসায়ী ইলন মাস্ক। সেই গণছাঁটাই (mass layoff) অভিযানে নাম লিখিয়েছে এডটেক সংস্থা বাইজুস (Byjus)। আর্থিক মন্দার (recession) জেরে 'কস্ট কাটিং' এর দোহাই দিয়ে হাজার হাজার কর্মীকে বরখাস্ত করার অভিযোগ উঠেছে। এমনকী, রীতিমতো বাউন্সার (bouncer) ডেকে এনে কর্মচারীদের তাড়িয়ে দেওয়ার মতো বিস্ফোরক অভিযোগ শোনা যাচ্ছে বাইজুসের বিরুদ্ধে।
টুইটার, মেটা, মাইক্রোসফট সহ একাধিক তথ্যপ্রযুক্তি সংস্থা বিশ্বজুড়ে চলা আর্থিক মন্দার সময় লাভের অঙ্ক বাড়াতে গণছাঁটাই অভিযান শুরু করেছে। এর মধ্যে রয়েছে বেশ কয়েকটি ভারতীয় কোম্পানিও, যাদের মধ্যে শুরুতেই নাম রয়েছে বাইজুসের। শোনা যাচ্ছে, জুন মাস থেকেই কর্মীদের চাকরি থেকে বাদ দিতে শুরু করেছিল বাইজুস। তবে কর্মী ছাঁটাইয়ের বিষয়ে বেশ কিছু বিস্ফোরক অভিযোগ উঠেছে বাইজুসের বিরুদ্ধে।
শোনা যাচ্ছে, সংস্থার প্রথম পর্যায়ে ছাঁটাই অভিযানে কাজ হারান ৩ হাজার কর্মী। এরপর ধাপে ধাপে আরও ২ হাজার ৫০০ জন কর্মীদের কাছ থেকে বাদ দেবার পরিকল্পনা রয়েছে সংস্থাটির, এমনটাই শোনা যাচ্ছে। সূত্রের খবর, যে সমস্ত কর্মীকে কাজ থেকে বাদ দেওয়া হবে বলে স্থির করা হয়, তাঁদের সঙ্গে সংস্থার তরফ থেকে অত্যন্ত দুর্ব্যবহার করা হয়। অভিযোগ, মাত্র এক দিনের নোটিশে বরখাস্ত করা হয়েছে অজস্র কর্মচারীকে। এছাড়া, জুম কলের মাধ্যমে কোনও পূর্ব প্রস্তুতি ছাড়াই আরও অনেককে ছেঁটে ফেলা হয়েছে। বাইজুসের লেখা পদত্যাগ পত্রে জোর করে অনেককে সই করানোরও অভিযোগ উঠেছে। নিজে থেকে সই না করতে চাইলে তাঁদের সমস্ত রকম সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করা হবে এবং বরখাস্ত করা হবে বলেও হুমকি দেওয়া হয়েছে। এমনকী, এই ধরনের কাজ করতে বাউন্সারদের সাহায্য নেওয়ার মতো বিস্ফোরক অভিযোগ উঠেছে সংস্থাটির বিরুদ্ধে।
যদিও এই সমস্ত অভিযোগই অস্বীকার করেছে বাইজুস কর্তৃপক্ষ। তাদের দাবি, সংস্থাটিকে কালিমালিপ্ত করার জন্যই এই ধরনের অপপ্রচার চালানো হচ্ছে।
টুইটারে আসছে একগুচ্ছ নতুন ফিচার, ব্লু টিকের সুবিধা কবে পাবে ভারত? জানালেন মাস্ক