দ্য ওয়াল ব্যুরো: উত্তর ভারতের মানুষদের মধ্যে ব্যাপক বেকারত্বের জন্য দায়ী উত্তর ভারতের মানুষদের অদক্ষতা! মোদী সরকারের ১০০ দিন পূরণ উপলক্ষে লখনউয়ে একটি বই প্রকাশ অনুষ্ঠানে এসে এ মন্তব্যই করলেন কেন্দ্রীয় শ্রমমন্ত্রী সন্তোষ গঙ্গোয়ার।
এর পরেই তাঁকে নিশানা করে কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী বলেন, "মন্ত্রীজি,আপনি এ ভাবে উত্তর ভারতীয়দের অপমান করতে পারেন না।" তিনি দাবি করেন, এ ভাবে দোষারোপ করে এ দেশে কর্ম সংস্থান কমে যাওয়ার মতো জরুরি বিষয়গুলিকে এড়াতে চাইছেন মন্ত্রী। সরকার গত পাঁচ বছর ধরে ক্ষমতায় থেকেও চাকরির কোনও বৃদ্ধি হয়নি বলে টুইট করেন তিনি।
দেখুন প্রিয়াঙ্কার টুইট।
https://twitter.com/priyankagandhi/status/1173135972248117250?
মোদী সরকারের ১০০ দিন পূরণ হওয়ার একটি প্রতার বক্তৃতায় সন্তোষ গঙ্গোয়ার বলেন, দেশে কর্মসংস্থান থাকলেও, উত্তর ভারতে দক্ষ কর্মীর সংখ্যা খুবই কম। তাঁর দাবি, এখন খবরের কাগজে সব চেয়ে বেশি যে খবর থাকে তা হল কর্মসংস্থানের খবর। "আমরা সেই একই দফতরে কাজ করি এবং তা পর্যবেক্ষণও করি। কর্মসংস্থান বৃদ্ধির ক্ষেত্রে আমাদের মন্ত্রকও একই ভাবে কাজ করছে। দেশে কাজের অভাব নেই। তবে উত্তর ভারত থেকে আসা নিয়োগকারীরা প্রায়ই অভিযোগ করেন, যে প্রয়োজনীয় দক্ষতার কর্মী তাঁরা খুব কমই খুঁজে পান।”
দেখুন, কী বলেছেন তিনি।
https://twitter.com/ANI/status/1173123859547119618?
সন্তোষ গঙ্গোয়ারের এই বক্তব্যের পরই রাজনৈতিক মহলে বিতর্ক শুরু হয়। তাতে অবশ্য নিজের বক্তব্য ও অবস্থান প্রমাণ করতে তৎপর হন মন্ত্রী।
একটি সংবাদমাধ্যমে দাবি করেন, তাঁর বক্তব্যের প্রসঙ্গ সম্পূর্ণ আলাদা ছিল। যুবকদের মধ্যে দক্ষতার অভাব মেটানোর জন্য সরকার চাকরি অনুযায়ী প্রয়োজনীয় দক্ষতা মন্ত্রক চালু করেছে। তবে তিনি যা-ই বলুন, দেশের অর্থনৈতিক মন্দা ও কাজ হারানোর মতো গভীর সমস্যাগুলিকে যে সরকার আদৌ আমল দিচ্ছে না, এই অভিযোগ সব মহলেরই।