.webp)
শেষ আপডেট: 2 October 2023 13:29
দ্য ওয়াল ব্যুরো: কথায় বলে, ঈশ্বর যখন দেন তখন সর্বস্ব উজাড় করে দেন। কথাটা যেন সত্যি হয়ে গেল মঙ্গলকোটের ভাস্কর মাঝির জীবনে। রাতারাতি যে এইভাবে তাঁর ভাগ্য বদলে যাবে তা হয়তো তিনি নিজেও কখনও কল্পনা করতে পারেননি। দিনমজুর থেকে রাতারাতি কোটিপতি হয়ে এখনও যেন ঘোর কাটছে না তাঁর।
পূর্ব বর্ধমানের মঙ্গলকোটের বাসিন্দা ভাস্কর মাঝি পেশায় দিনমজুর। রোজ সংসার চালাতে তাঁর নাভিশ্বাস উঠত। মা, স্ত্রী, ছেলে বৌমা নিয়ে তাঁর ভরা সংসার। চার চারটি মুখে প্রতিদিন দুবেলা কীভাবে খাবার জোগাবেন সেই চিন্তাতেই কাটত অধিকাংশ সময়। তবে তার মধ্যেও পয়সা জমিয়ে লটারির টিকিট কাটার অভ্যাস ছিল ভাস্করের। এর আগে কখনওই তেমন বড় কোনও পুরস্কার জেতেননি, তবে এবার সদয় হলেন ভাগ্যবিধাতা।
কয়েকদিন আগে গবাদি পশুর জন্য ঘাস কাটতে যাচ্ছিলেন মাঠে, সেই সময়ই ৩০ টাকা দিয়ে লটারির টিকিট কিনে ফেলেন ভাস্কর। তারপর কাজকর্মে ব্যস্ত হয়ে ভুলেই গিয়েছিলেন সেই টিকিটের কথা। রবিবার ফল বেরোতেই দেখা গেল ভাগ্য খুলে গিয়েছে ভাস্করের। লটারিতে ১ কোটি টাকা জিতেছেন তিনি। ভাস্করের এহেন ভাগ্য পরিবর্তনে উচ্ছ্বসিত পাড়া প্রতিবেশীরাও। সকলেই শুভেচ্ছা জানাচ্ছেন ভাস্করকে।
তবে যাকে ঘিরে এত কিছু সেই ভাস্কর অবশ্য বলছেন 'সবটাই মায়ের ইচ্ছা'। জানা গেল, রোজ তিনি টিকিট কাটেননা, মাঝে মধ্যে ইচ্ছে হলে টিকিট কাটতেন। কোনও প্রত্যাশা ছাড়াই সেদিন টিকিট কিনে ফেলেছিলেন, জানালেন নিজের মুখেই। এক কোটি টাকা দিয়ে এবার কী করবেন তিনি? জানালেন, তাঁদের থাকার জন্য পাকা বাড়ি নেই। একটি পাকা বাড়ি বানাবেন পরিবারের জন্য, জমি কিনবেন ছেলের জন্য। আর বাকি টাকা সঞ্চয় করবেন ভবিষ্যতের জন্য, এমনটাই পরিকল্পনা ভাস্করের।