
শেষ আপডেট: 14 April 2023 11:35
দ্য ওয়াল ব্যুরো: পুরুষ হয়েও মহিলা সেজে 'ফিটনেস কোচ' (fitness coach) বলে নিজেকে পরিচয় দিয়েছিল ক্লায়েন্টদের কাছে। তারপর মহিলা ক্লায়েন্টদের শরীরের কাঠামোর উন্নতি করার জন্য পরামর্শ দেওয়ার নাম করে তাঁদের নগ্ন ছবি (nude pictures) হাতিয়ে নিয়েছিল তাঁদের কাছ থেকে। পরে সেই ছবি দিয়ে তাঁদের ভয় দেখানো এবং ব্ল্যাকমেল করার অভিযোগে ২২ বছর বয়সি এক যুবককে গ্রেফতার করল পুলিশ।
ঘটনাটি ঘটেছে পুদুচেরিতে (Puducherry)। অভিযুক্তের নাম ধিভাগর। সে মুঠিয়ালপেট এলাকার বাসিন্দা। একটি বেসরকারি ওষুধ সংস্থায় কাজ করত সে। তার কাছ থেকে একটি মোবাইল ফোন উদ্ধার করে পুলিশ। সেটি থেকে অন্তত দশটি আপত্তিকর ভিডিও পাওয়া যায়। ফোনটি বাজেয়াপ্ত করে ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠিয়েছে পুলিশ।
তদন্তকারীরা জানিয়েছেন, ইনস্টাগ্রামে একটি শরীরচর্চার পেজ খুলে ছিল ওই যুবক। সেখানে শরীরচর্চা এবং ওজন কমানোর বিষয়ে নানা রকম পরামর্শ দিত সে। সেই পেজেই কয়েকজন মহিলা তার পরিচয় না জেনেই তার কাছে শরীরচর্চা বিষয়ক কিছু পরামর্শ চেয়েছিলেন।
এরপরেই নিজের আসল পরিচয় গোপন করে নিজেকে একজন মহিলা ফিটনেস প্রশিক্ষক হিসেবে দাবি করে পরামর্শ দিতে শুরু করে ধিভাগর। কিছুদিন পরেই তাঁদের শরীরের গঠন আরও উন্নত করার জন্য তাঁদের কাছে নগ্ন ছবি এবং ভিডিও চেয়ে পাঠায় অভিযুক্ত। তাকে বিশ্বাস করে নিজেদের নগ্ন ছবি এবং ভিডিও পাঠান ওই মহিলারা।
এরপরেই অন্য প্রোফাইল থেকে সেই সমস্ত ছবি এবং ভিডিও ওই ক্লায়েন্টদের পাঠিয়ে তাঁদের ব্ল্যাকমেইল করতে শুরু করে ধিভাগর। সে বলে, তার সঙ্গে নগ্ন হয়ে ভিডিও কল না করলে সমস্ত ছবি ইন্টারনেটে ছড়িয়ে দেবে সে।
এরপর নিগৃহীতা মহিলাদের মধ্যে একজন সাইবার ক্রাইম থানায় অভিযুক্তের বিরুদ্ধে এফআইআর দায়ের করেন। সেই ঘটনার তদন্ত শুরু হতেই পুরো বিষয়টি সামনে আসে। তারপরেই অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ।
‘১০০% মহিলাদেরই পুরুষাঙ্গ নেই!’ রূপান্তরকামী বিতর্কের মাঝে দাবি ঋষি সুনকের